সালিশী সভায় ফের আদিবাসীদের দুই গোষ্ঠীতে সংঘর্ষ, ভাঙচুর
আমার কথা, পান্ডবেশ্বর, ১৪ মে:

সোমবারের পর ফের বুধবার দুই আদিবাসী গোষ্ঠীর সংঘর্ষে উত্তপ্ত হলো এলাকা। পাণ্ডবেশ্বর থানার শ্যামলা পঞ্চায়েত এলাকার ঘটনা। এদিন সালিশি সভা চলাকালীন সংঘর্ষ বাঁধে বলে খবর।
সোমবার পাণ্ডবেশ্বর থানার শ্যামলা ও খোট্টাডিহি গ্রামের দুই আদিবাসী গোষ্ঠী একে অপরের সঙ্গে সংঘর্ষে জড়ায়। একপক্ষের বিরুদ্ধে মারধোর করার অভিযোগে অপর পক্ষ সেদিন রাত পর্যন্ত ৬০ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায়। পরে পুলিশের মধ্যস্থতায় সেদিন অবরোধ উঠে। এদিন বুধবার ফের বিবদমান দুই আদিবাসী গোষ্ঠী মারপিটে জড়ালে এলাকায় নতুন করে ছড়ায় উত্তেজনা। ঘটনা সূত্রে জানা যায় আদিবাসী মোড়লদের উপস্থিতিতে এদিন বিষয়টির মীমাংসা করার উদ্দেশ্যে সালিশি সভার আয়োজন করা হয়। আলোচনা চলার সময় আচমকা একপক্ষ অপর পক্ষের উপর চড়াও হয়। পাল্টা মারধরের ধরার ঘটনাও ঘটে। সংঘর্ষে বেশ কয়েকজন আহত হওয়ার পাশাপাশি বেশ কিছু বাইকও ভাঙচুর করা হয় বলে স্থানীয় সূত্রে খবর। নতুন করে দুই গোষ্ঠী সংঘর্ষে জড়ানোয় এলাকায় ফের তৈরি হয়েছে উত্তেজনা। সোমবারের ঘটনায় এক পক্ষ থানাতে অভিযোগ দায়ের করেছিল। এই দিন সংঘর্ষের ঘটনার পর অপর পক্ষও থানায় অভিযোগ দায়ের করেছে। দু’জনকে আটক করা হয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে পাণ্ডবেশ্বর থানার এক আধিকারিক জানান।



