কোলিয়ারি সমবায়ে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতল তৃণমূল সমর্থিত প্রার্থীরা
আমার কথা, অন্ডাল, ১৭ মে:
কোলিয়ারী সমবায় নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতল তৃণমূল সমর্থিত প্রার্থীরা। শ্রমিকদের স্বতঃস্ফূর্ত সমর্থনেই এই জয় বলে দাবি শাসক দলের।
ইসিএলের বাঁকোলা এরিয়ার শ্যামসুন্দরপুর কোলিয়ারির সমবায়ে ভোট হওয়ার কথা ছিল ৩০ শে মে। শুক্র ও শনিবার ছিল মনোনয়নপত্র জমা দেওয়ার নির্দিষ্ট দিন। শনিবার বেলা ১-টাই শেষ হয় মনোনয়ন পত্র জমা দেওয়ার নির্ধারিত সময়। দেখা যায় ৯ টি আসনের এই সমবায়ে তৃণমূল সমর্থিত প্রার্থীরাই শুধু মনোনয়নপত্র জমা দেয়। বিরোধীরা কোন মনোনয়ন জমা না দেওয়ায় এদিন তৃণমূল সমর্থিত প্রার্থীদের জয়ী বলে ঘোষণা করা হয়। এরপরে বিজয় উল্লাসে মেতে ওঠে তৃণমূল সমর্থকেরা। চলে আবির খেলা, মিষ্টি বিতরণ। উল্লাসে কর্মী সমর্থকদের সাথে উপস্থিত ছিলেন রানীগঞ্জের তৃণমূল বিধায়ক তাপস বন্দ্যোপাধ্যায়, উখড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান মিনা কোলে, উপপ্রধান শরণ সাইগল, রাজু মুখোপাধ্যায়, জেলা পরিষদের সদস্যা কৃষ্ণা বন্দ্যোপাধ্যায় সহ অন্যরা। তৃণমূল প্রভাবিত শ্রমিক সংগঠন কয়লা খাদান শ্রমিক কংগ্রেসের শ্যামসুন্দরপুর কোলিয়ারি শাখা সম্পাদক সৌমিক মজুমদার বলেন আমরা সারা বছর শ্রমিকদের সুখে দুঃখে পাশে থাকি, তাই শ্রমিকরা রয়েছে আমাদের সাথে। তাদের স্বতঃস্ফূর্ত সমর্থনেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় এসেছে বলে জানান সৌমিক বাবু।
উল্লেখ্য শুক্রবার মনোনয়নপত্র জমা দেওয়ার প্রথম দিন সিপিআইএম শ্রমিক সংগঠন সিটুর প্রার্থীদের মনোনয়নে বাধা দেওয়া হয় বলে অভিযোগ । প্রতিবাদে তারা পথ অবরোধ করে । এদিন অবশ্য সিটুর পক্ষ থেকে কাউ মনোনয়ন পত্র জমা দিতে আসেনি । তাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় তৃণমূল সমর্থিত প্রার্থীদের এদিন জয়ী ঘোষণা করা হয় ।



