বিস্ফোরণে কেঁপে উঠল এলাকা, ভাঙলো বাড়ির একাংশ, জখম এক শিশু
আমার কথা, লাউদোহা, ১৮ মেঃ
পরিত্যক্ত বাড়িতে বিস্ফোরণে কেঁপে উঠল এলাকা। ভাঙলো বাড়ির একাংশ। ঘটনায় জখম এক শিশু। ঘটনাটি ঘটেছে দুর্গাপুর ফরিদপুর থানার আরতি গ্রামে। পরিত্যক্ত বাড়িতে মজুদ বোমা ফেটে বিস্ফোরণ ঘটেছে বলে অনুমান স্থানীয়দের।
রবিবার সকালে বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে দুর্গাপুর ফরিদপুর থানার আরতি গ্রাম। বিস্ফোরণটি হয় স্থানীয় উত্তর পাড়ার পরিত্যক্ত একটি বাড়িতে। স্থানীয় সূত্রে জানা যায় এদিন সকালে উত্তরপাড়ায় একটি পরিতক্ত বাড়িতে বিস্ফোরণ ঘটে। যার জেরে কেঁপে ওঠে গোটা এলাকা। ঘটনায় বাড়ির ছাদসহ একাংশ ভেঙ্গে পড়ে। সে সময় পরিতক্ত বাড়িটির কাছে এক শিশু দাঁড়িয়ে ছিল। বিস্ফোরনে শিশুটি জখম হয় বলে দাবি স্থানীয়দের। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দুর্গাপুর ফরিদপুর থানার পুলিশ। বিস্ফোরণে ক্ষয়ক্ষতি সরজমিনে খতিয়ে দেখেন পুলিশ আধিকারিকেরা। পরিত্যক্ত যে বাড়িতে বিস্ফোরণ ঘটেছে সেই বাড়িটির চারপাশ ফেন্সিং দিয়ে ঘিরে দেওয়া হয়। স্থানীয়দের ধারণা পরিতক্ত বাড়িটিতে বোমা মজুদ করা ছিল। যে কোন কারণেই সেই বোমা ফেটে বিস্ফোরণ হয় বলে ধারণা তাদের। কে বা কারা কি ধরনের বিস্ফোরক মজুদ করেছিল! বিস্ফোরক মজুদ করার উদ্দেশ্য কি? তদন্তে সবদিকই খতিয়ে দেখা হবে বলে জানান এক পুলিশ আধিকারিক।



