৬ বছরের শিশুকে যৌণ হেনস্থার অভিযোগ প্রতিবেশী প্রৌঢ়ের বিরুদ্ধে
আমার কথা, অন্ডাল, ১৯ মেঃ
শিশু কন্যাকে যৌন হেনস্তার অভিযোগে গ্রেপ্তার হলেন এক ব্যক্তি। ঘটনাটি ঘটেছে মদনপুর পঞ্চায়েতের পূবড়া গ্রামে। অভিযুক্তের বিরুদ্ধে পকসো ধারায় মামলা দায়ের হয়েছে বলে থানা সূত্রে খবর।
অন্ডাল ব্লকের মদনপুর গ্রাম পঞ্চায়েতের পূবড়া গ্রামে বছর ৬ এর এক শিশু কন্যাকে যৌন হেনস্তার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায় রবিবার ওই শিশু কন্যাটিকে গৌরাঙ্গ চন্দ নামে বছর পঞ্চাশেক এক ব্যক্তি যৌন হেনস্থা করেন বলে অভিযোগ। সে সময় ঘটনাটি এক প্রতিবেশীর নজরে এলে তিনি ওই ব্যক্তির কুকাণ্ডের কথা মেয়েটির অভিভাবকদের জানান। সমস্ত ঘটনা জানার পর রবিবার সন্ধ্যা বেলায় অভিযুক্ত গৌরাঙ্গ চন্দের নামে থানায় অভিযোগ দায়ের করেন মেয়েটির অভিভাবক। রাতে অভিযুক্তকে ঘর থেকে গ্রেপ্তার করে পুলিশ। তার বিরুদ্ধে পকসো ধারায় মামলা দায়ের হয়। সোমবার মেয়েটির মেডিকেল পরীক্ষার করা হয় । পাশাপাশি অভিযুক্তকে পেশ করা হয় আদালতে। অভিযুক্তকে জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক বলে আদালত সূত্রে জানা যায়।
সোমবার ঘটনাস্থলে গেলে জানা যায় মেডিকেল পরীক্ষার জন্য শিশু কন্যাকে নিয়ে তার বাবা মা থানায় গেছে। বাড়িতে পরিবারের অন্য মহিলা সদস্যরা রয়েছেন। কিন্তু তারা কেউ বিষয়টি নিয়ে সংবাদ মাধ্যমের সামনে মুখ খুলতে রাজি হয়নি। অন্যদিকে অভিযুক্ত গৌরাঙ্গ চন্দের স্ত্রী বলেন মিথ্যা অভিযোগে আমার স্বামীকে ফাঁসানো হয়েছে। আমার স্বামী এমন খারাপ কাজ করতে পারে না বলে দাবি করেন তিনি।



