একটি লোহার রড দিয়ে পুরো বাড়ি ফাঁকা, পুলিশের জালে দাগি দুষ্কৃতি
আমার কথা, দুর্গাপুর, ২০ মেঃ
বাইক চুরি ও ফাঁকা বাড়িতে তালা ভেঙে চুরি করার এক দাগি দুষ্কৃতিকে গ্রেফতার করেছে কোক ওভেন থানার পুলিশ। গত ১৬ মে কোক ওভেন থানার অধীন রেল কলোনির একটি ফাঁকা বাড়িতে তালা ভেঙে চুরির ঘটনা ঘটে। রেলকর্মী অনিল কুমার কদিন আগে বিহারের সাসারামে দেশের বাড়ি গিয়েছিলেন। ১৬ মে ভোরের দিকে বাড়ি ফিরে তিনি দেখেন তার ঘরের দরজার তালা ভাঙা। ভেতরে ঢুকে দেখেন আলমারী ভেঙে সেখানে থাকা সোনা ও রুপোর কিছু গহনা ও নগদ কিছু টাকা নিয়ে পালিয়েছে দুষ্কৃতি। তিনি কোক ওভেন থানায় এই ঘটনার লিখিত অভিযোগ জানানোর পরই কোক ওভেন থানার পুলিশ তৎপর হয়ে ওঠে এবং এলাকায় নজরদারী শুরু করে। ওই দিনই রাতের দিকে দুর্গাপুর বাস স্ট্যান্ড এলাকায় এক যুবককে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখে পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করতে থাকায় তার কথাবার্তায় অসংলগ্নতা ধরা পড়ে। পুলিশ তাকে গ্রেফতার করে। পরের দিন তিনদিনের পুলিশি হেফাজত চেয়ে তাকে দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হয়। বিচারক তিনদিনের পুলিশ হেফাজতের আবেদন মঞ্জুর করার পরই বাদশা খানকে জিঙ্গাসাবাদ করে পুলিশ জানতে পারে রেল কলোনির বাড়িতে সেই চুরি করেছে। এরপর তাকে সঙ্গে নিয়ে স্থানীয় ক্ষুদিরাম কলোনিতে তার বাড়িতে যায় পুলিশ। বাড়ির সামনেই একটি বাইকের ডিকিতে চুরির মালপত্র আছে বলে সে পুলিশকে জানায়। পুলিশ চুরি যাওয়া সোনারুপোর গহনা ও কিছু নগদ টাকা উদ্ধার করেছে। জানা গেছে,একটি লোহার রড সে সবসময় বাইকের সঙ্গে বেঁধে রাখত। সেই রড দিয়ে খুব অল্প সময়ের মধ্যেই যে কোন বন্ধ বাড়ির তালা ভেঙে ফেলতে সে বেশ পারদর্শী। পুলিশ আরও জানতে পেরেছে সে বাইকচুরির ঘটনার সঙ্গেও যুক্ত। জানা গেছে, বাদশা খান নামে ওই দুষ্কৃতি আগেও একাধিক বাইক চুরির ঘটনায় রানীগঞ্জ পুলিশের হাতে ধরা পড়েছিল।বাইক চুরি করে সে পুরুলিয়ায় গিয়ে এক ব্যবসায়ীর কাছে বিক্রি করে দিত। এছাড়া বিহারেও একাধিক বাইক চুরির অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। আসানসোল,রানীগঞ্জ এলাকার পর এখন সে দুর্গাপুরের ক্ষুদিরাম কলোনিতে একটি ভাড়া বাড়িতে থেকে অপরাধমূলক কাজকর্ম করছিল সে বলে পুলিশ সুত্রে জানা গিয়েছে।



