পঞ্চায়েত অফিসে তাণ্ডব ভাঙচুর, আটক দুই
আমার কথা, অন্ডাল, ২৩ মেঃ
মদ্যপ অবস্থায় পঞ্চায়েত অফিসে ঢুকে ভাঙচুর, মারধরের অভিযোগে দুজনকে আটক করলো পুলিশ। ঘটনাটি ঘটেছে অন্ডাল ব্লকের খান্দরা পঞ্চায়েতে।
শুক্রবার বিকেল তিনটে নাগাদ অন্ডাল ব্লকের খান্দরা পঞ্চায়েত অফিসের ভিতরে ঢুকে ভাংচুর চালালো কয়েকজন মদ্যপ ব্যক্তি। এমনকি অফিসে পঞ্চায়েত সদস্যদের ওপর হাত তোলারও অভিযোগ উঠছে তাদের বিরুদ্ধে। এই ঘটনায় বিকাশ ধাঙ্গর ও সন্দীপ মাল নামে দুজনকে আটক করেছে পুলিশ। ঘটনায় জড়িত রাকেশ দুশাদ নামে একজন পলাতক।
ধর্মেন্দ্র যাদব নামে এক ব্যক্তি জানান ঘটনার সময় তিনি তার কাজ সেরে বাড়ি ফিরছিলেন। সেসময় দেখি পঞ্চায়েত অফিসের সামনে কয়েকজন মদ্যপ যুবক প্রধান, উপপ্রধান ও সদস্যদের গালিগালাজ করছে। কি হয়েছে জিজ্ঞেস করায় তারা বলে অন্যরা ঠিকাদারির কাজ পাচ্ছে, আমাদের কাজ দেওয়া হচ্ছে না। সে সময় আমি বাইক নিয়ে চলে যাচ্ছিলাম হঠাৎ ওই তিন জন আমার উপর চড়াও হয়, ব্যাপক মারধর করে। পরে তারা পঞ্চায়েত অফিসের ভিতরে ঢুকেও ভাঙচুর চালায়। পঞ্চায়েত সদস্য কর্মীদের গায়ে হাত তোলে তারা।
অন্যদিকে বিষয়টি নিয়ে খান্দরা পঞ্চায়েতের প্রধান অপর্ণা বাদ্যকর জানান, পঞ্চায়েত অফিসের মধ্যে সদস্যদের একটা মিটিং চলছিল। ঠিক সেই সময় কয়েকজন মদ্যপ যুবক অফিসে ঢুকে গালিগালাজ করতে শুরু করে, এমনকি পঞ্চায়েত সদস্যদের গায়ে হাত তুলতে উধ্যত হয় তারা। অবস্থা বেগতিক দেখে তিনি পুলিশকে খবর দেন। পুলিশ অভিযুক্ত দুজনকে আটক করে থানায় নিয়ে যায়। তাদের এক সঙ্গী সুযোগ বুঝে চম্পট দেয় সেখান থেকে। পঞ্চায়েত অফিসের ভিতর হামলা ভাঙচুরের ঘটনায় এলাকায় ছড়িয়েছে চাঞ্চল্য।



