নিয়ম মেনে কাজ করেও মিলছে না বেতন, ধর্ণায় নিরাপত্তারক্ষীরা
আমার কথা, দুর্গাপুর, ২৩ মেঃ
একদিকে সংস্থা আর অন্যদিকে ব্যাংক কর্তৃপক্ষের মাঝে পরে জেরবার অবস্থা কর্মরত নিরাপত্তারক্ষীদের। নিয়ম মাফিক কাজ করেও যথা সময়ে মিলছে না বেতন। শুধু তাই নয়, বাকি পড়ে গেছে ২০ মাসের প্রভিডেন্ট ফান্ডের টাকাও। এদিকে বিষয়টি নিয়ে কর্তৃপক্ষ টালবাহানা করেই কাটিয়ে দিচ্ছে। এই অভিযোগে শুক্রবার সিটিসেন্টারে একটি বেসরকারী ব্যাংকের শাকাহ্র সামনে ধর্ণায় বসলেন নিরাপত্তারক্ষী ও হাউসকিপিং এর কর্মীরা।
নিরাপত্তারক্ষী অভিজিৎ ঘোষ জানান, তাদের অভিযোগ কর্তৃপক্ষকে বিষয়টি জানতে গেলে গড়িমসি করা হচ্ছে। বেতনের কথা তুললেই যে সংস্থার অধীনে সিকিউরিটি গার্ডেরা কাজ করেন সেই সংস্থা ব্যাঙ্কের ঘাড়ে আবার ব্যাঙ্ক কর্তৃপক্ষ সংস্থার ঘাড়ে দোষ চাপাতে ব্যস্ত। ফলে আদতে তাদের দাবি দাওয়ায় কর্ণপাত করছেন না কেউই। ফলে প্রতিবাদে তারা ধর্নায় বসতে বাধ্য হয়েছেন এবং যতক্ষণ না পর্যন্ত তাদের দাবি দাওয়া পূরণ হচ্ছে ততক্ষণ অব্দি তারা এই ধর্না চালিয়ে যাবেন বলেই হুঁশিয়ারি দেন তারা।



