অন্ডাল বিমাননগরীর পাঁচিল ভাঙল স্থানীয়রা, তুমুল উত্তেজনা
আমার কথা, অন্ডাল, ২৮ মেঃ
রাস্তা বন্ধ করা নিয়ে ছড়ালো উত্তেজন। পাঁচিলের একাংশ ভেঙ্গে দিল ক্ষুব্ধ বাসিন্দাদের একাংশ। বুধবার বিকেলে ঘটনাটি ঘটে খান্দরায়।
অন্ডাল ব্লকের খান্দরা গ্রামের শিবতলা থেকে গ্রামের ভিতর দিয়ে রাস্তাটি গিয়ে মিশেছে উখড়া গ্রামের সুকোপুকুর সংলগ্ন বিমান নগরীর রাস্তাতে। স্বল্প দূরত্বের হওয়ায় উখরা ও খান্দরা গ্রামের বহু মানুষ এই রাস্তাটি নিত্যদিন ব্যবহার করে। বুধবার রাস্তাটি সংযোগস্থল পাঁচিল দিয়ে ঘিরে দেয় বিমান নগরী কর্তৃপক্ষ। এই খবর ছড়িয়ে পড়তে এলাকায় তৈরি হয় ক্ষোভ। সন্ধ্যেবেলায় কেউ বা কারা সেই পাঁচিলের একাংশ ভেঙ্গে দেন। যার জেরে ঘটনাস্থলে তৈরি হয় উত্তেজনা। খবর পেয়ে সেখানে পৌঁছায় উখরা ফাঁড়ির পুলিশ। নাম প্রকাশে অনিচ্ছুক এক বাসিন্দা বলেন দীর্ঘদিন ধরে আমরা এই রাস্তা ব্যবহার করছি। সরকারি নথিতে এই রাস্তার কথা উল্লেখ রয়েছে। সরকারি রাস্তা কেউবা কারা বা কোন সংস্থা এই ভাবে বন্ধ করে দিতে পারেনা। খান্দরা পঞ্চায়েতের উপপ্রধান আশিষ ভট্টাচার্য বলেন বিডিওর সাথে বিষয়টি নিয়ে কথা হয়েছিল তিনি বলেছিলেন বিকল্প রাস্তা তৈরি করে দেওয়া হবে। বিকল্প রাস্তায় পথ বাতি লাগানো হবে। কিন্তু প্রতিশ্রুতি পূরণের আগেই রাস্তাটি পাঁচিল দিয়ে বন্ধ করে দেওয়া হয়। সেই কারণে বাসিন্দাদের মধ্যে তৈরি হয়েছে ক্ষোভ। বাসিন্দাদের পক্ষেই আমরা রয়েছি বলে জানান তিনি।
অন্ডাল বিডিও দেবাঞ্জন দত্ত জানান, বিকল্প রাস্তা ওখানে আছে আর পাঁচিল দেওয়া সম্পুর্ণ না হলে পথবাতি লাগানো যাবে না। পথবাতির জন্য ইতিমধ্যেই টেন্ডার পাস হয়ে গেছে। খুব তাড়াতাড়ি কাজ শুরু হয়ে যাবে।
তবে, বিষয়টি নিয়ে বিমাননগরী কর্তৃপক্ষের কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে স্থানীয় সূত্রে খবর আগামীকাল বৃহস্পতিবার রাস্তা বন্ধ করার প্রচেষ্টার প্রতিবাদে স্থানীয়রা ডাক দিয়েছে বিক্ষোভের।



