পানীয় জলের সমস্যা সহ একাধিক দাবিতে দুর্গাপুর নগর নিগম ঘেরাও
আমার কথা, দুর্গাপুর, ২৯ মেঃ
বেহাল রাস্তা, মিলছে না পর্যাপ্ত পানীয় জল, মিলছে না জমির পাট্টা ফলে বাসা যোজনা থেকে বঞ্চিত হচ্ছেন তাঁরা। অথচ একদিকে দুর্গাপুর নগর নিগমকে বলেও আজ পর্যন্ত্য মেলেনি সুরাহা। এই সমস্ত অভিযোগে বৃহস্পতিবার দুর্গাপুর নগর নিগম ঘেরাও করে বিক্ষোভ দেখালো আদিবাসী সম্প্রদায়ের মানুষজন। দ্রুত সমাধানের আশ্বাস পুরপ্রশাসনের চেয়ারপার্সনের।
দুর্গাপুর নগর নিগমের অন্তর্গত ১নং ওয়ার্ডের পারুলিয়া গ্রাম থেকে এদিন দুর্গাপুর নগর নিগমের সামনে বিক্ষোভের সামিল হন আদিবাসী সম্প্রদায়ের মানুষেরা। পসচিমবঙ্গ আদিবাসী জুমিদ গাঁওতার সম্পাদক সুনীল কিসকু জানান, “আমাদের গ্রামের একটি স্কুল আছে সেই স্কুলে যাওয়ার রাস্তাটা পাকা করার জন্য বহুবার নগর নিগমকে বলেও লাভ হয়নি। শুধু তাই নয়, আমাদের এলাকায় একটি মাত্র জলের ট্যাংক দিয়ে জল সরবরাহ করা হয়, কিন্তু তা পর্যপ্ত নয়। এমনকি স্নান করার মতো জল নেই। আমাদের পূর্বপুরুষদের এখানে ৭০-৮০ বছর ধরে বসবাস করছে কিন্তু আজও আমরা জমির পাট্টা পাইনি। ফলে আমরা না পাচ্ছি আবাস যোজনায় পাকা বাড়ি আর না জাহের থান করতে পারছি। অথচ এই শহরে জমি মাফিয়ারা দাপিয়ে বেড়াচ্ছে। আমরা সমস্ত দিক থেকে বঞ্চিত হচ্ছি। তাই আজ আমরা বাধ্য হয়ে এই বৃষ্টিতে পথে নেমে প্রতিবাদ করছি”।
এই বিষয়ে দুর্গাপুর নগর নিগমের পুরপ্রশাসকমন্ডলীর চেয়ারপার্সন অনিন্দিতা মুখোপাধ্যায় বলেন, “ওনারা যে জায়গায় বসবাস করেন সেই জায়গাটা উঁচু আর তাই ওখানে প্রচন্ড জলকষ্ট। তাই ওখানে ১০-১২ ট্যাংক জল সরবরাহ করা হয়। আমরা ডিএসপি কর্তৃপক্ষের সাথে কথা বলেছি, যাতে ওখানে একটি ওভারহেড ট্যাংকের ব্যবস্থা করতে পারি। আর যখন যে যে আদিবাসী ভাইবোনেরা এসে আমার কাছে জাহের থানের জন্য জায়গা চেয়েছে আমি দেওয়ার চেষ্টা করেছি। জমির পাট্টা এক একটা জায়গা ধরে দেওয়া হচ্ছে, ওনারাও পেয়ে যাবেন”।



