বিশ্ব পরিবেশ দিবসে পরিবেশ রক্ষার্থে পুলিশের উল্লেখযোগ্য ভূমিকা
আমার কথা, দুর্গাপুর, ৫ জুনঃ
আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট এর উদ্যোগে ইস্ট জোন অন্তর্ভুক্ত দুর্গাপুর থানায় বিশ্ব পরিবেশ দিবস পালিত হলো। এই উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি ও একটি ট্যাবলো পরিভ্রমনের ব্যবস্থা করে দুর্গাপুর থানা। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে উল্লেখযোগ্য বিষয় ছিল স্থানীয় মার্শাল আর্ট সংস্থার শিশুরা বিশ্ব পরিবেশ দিবস উদযাপন করে। আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডিসিপি(পূর্ব) অভিষেক গুপ্তা জানান মার্শাল আর্ট কেন্দ্রের শিশুরা এর মাধ্যমে পরিবেশ সুরক্ষায় উদ্যোগী হবে। অনুষ্ঠানের তাৎপর্য বুঝে আগামী দিনে শহরাঞ্চলকে সুরক্ষিত রাখতে পরিবেশবান্ধব কর্মসূচি নেবে। এর ফলে স্থানীয় পরিবেশ যখনই ঠিক থাকবে তখন তার বৃহত্তর প্রভাব পড়বে বিশ্ব প্রকৃতির উপর।
অন্যদিকে, বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বৃহস্পতিবার কোকওভেন থানা কর্তৃক বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের এসিপি(দুর্গাপুর) সুবীর রায়, সিআই বিকাদার সান্যাল, থানার ইনচার্জ মইনুল হক এবং পুলিশ কর্মী এবং স্কুলের ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন। পরিবেশ দিবস সম্পর্কে শিক্ষক-শিক্ষিকারা তাদের বক্তব্য রাখেন এবং বক্তব্য রাখতে গিয়ে তারা বলেন যে পরিবেশ দূষিত হচ্ছে, এর মূল কারণ বন কাটা। শিল্প নগরী হওয়ায় গাছ কেটে কারখানা স্থাপন করা হচ্ছে, তা সে স্থানে হোক বা কাছাকাছি। গাছ লাগানো হচ্ছে না। যার কারণে পরিবেশ বিপন্ন, সময়মতো বৃষ্টি হচ্ছে না। মানুষ রোদে বাইরে বেরোতে পারছে না, প্রচণ্ড গরম পড়ছে। পরিবেশ দূষিত হওয়ার কারণেই এই ধরণের আবহাওয়া দেখা যাচ্ছে। পরিবেশ দিবসে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য রাখতে গিয়ে এসিপি সুবীর রায় বলেন, আমরা যেমন আমাদের জন্মদিন উদযাপন করি, ঠিক তেমনি আজ গাছ লাগিয়ে জন্মদিন উদযাপন করা হচ্ছে। আমাদের প্রতিজ্ঞা করতে হবে যে, আমাদের জন্মদিন হোক বা কোনও মহাপুরুষের জন্মদিন, আমরা অন্তত একটি গাছ লাগাবো এবং তার যত্ন নেব। তিনি বলেন, কোথাও গাছ কাটা হলে আমাদের জানাতে হবে, আমরা সেখানে পৌঁছে অপরাধীদের গ্রেপ্তার করব যাতে কেউ গাছ কাটতে না পারে। উপস্থিত শিক্ষার্থী, শিক্ষক এবং পুলিশ কর্মকর্তাদের গাছ দেন থানার ইনচার্জ মইনুল হক এবং থানার কাছে ১৫০ টিরও বেশি গাছ লাগানো হয়।
এদিন, বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি। দুর্গাপুরের নিউ টাউনশিপ থানার অন্তর্গত বিধান নগর পুলিশ ফাঁড়ির উদ্যোগে ১ হাজার চারা গাছ বিতরণ করা হয় সাধারণ মানুষদের মধ্যে। উপস্থিত ছিলেন এসিপি(দুর্গাপুর) সুবীর রায়, সিআই রণবীর বাগ, নিউ টাউনশিপ থানার ভারপ্রাপ্ত আধিকারিক নাসরিন সুলতানা, সমাজসেবী পঙ্কজ রায় সরকার সহ পুলিশের আধিকারিকরা। দুর্গাপুরের বিধান নগরের সেক্টর টু-সির মাঠে সমস্ত পুলিশ আধিকারিকরা চারা গাছ রোপন করেন। সমগ্র অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় বিধান নগরের ব্যাংক কলোনি মোড়ে।



