আড়াই কোটি খরচে হবে হাইড্রেন, বর্ষায় আর ডুববে না গ্রাম
আমার কথা, দুর্গাপুর, ৮ জুনঃ
বর্ষায় জল যন্ত্রণা থেকে মুক্তি পেতে চলেছে প্রতাপপুর পঞ্চায়েতের জামগড়া গ্রাম। নিকাশির জন্য আড়াই কোটি টাকা দিয়ে হবে হাইড্রেন, রবিবার সেই কাজের শিলান্যাস করলেন বিধায়ক ও আসানসোল দুর্গাপুর উন্নয়ণ পর্ষদের চেয়ারম্যান।
দুর্গাপুর ফরিদপুর ব্লকের প্রতাপপুর পঞ্চায়েতের জামগড়া গ্রামে প্রতিবছর বর্ষাতে দেখা যেত জল যন্ত্রণার ছবি । নিকাশি ব্যবস্থা না থাকাই জল জমতো গ্রামের পথে ঘাটে । সেই জলে পা ভিজিয়ে যাতায়াত করতে বাধ্য হন বাসিন্দারা। এ থেকে মুক্তি পেতে প্রয়োজন নিকাশি ব্যবস্থারশ। গত বছর বর্ষার সময় গ্রামে গিয়ে এই ছবি প্রত্যক্ষ করেন এলাকার বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীর। বিধায়ককে কাছে পেয়ে বাসিন্দারা দাবি জানান নিকাশি ব্যবস্থার। অবশেষে বিধায়কের উদ্যোগে হাইড্রেন নির্মাণ কাজের সূচনা হলো রবিবার। প্রায় দুই কিলোমিটার লম্বা হাইড্রেন নির্মাণে খরচ হবে আড়াই কোটি টাকা। সেই টাকা অনুমোদন করেছে আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদ। এদিন শিলান্যাস অনুষ্ঠানে বিধায়ক ছাড়াও উপস্থিত ছিলেন আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান কবি দত্ত সহ অন্যরা।
অন্যদিকে একই দিনে ইচ্ছাপুর পঞ্চায়েতের জব্বর পল্লীর আদিবাসী পাড়ায় ঢালাই রাস্তার নির্মাণের সূচনা হলো। রাস্তা নির্মাণের জন্য ৫৮ লক্ষ টাকা অনুমোদন করেছে আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদ সংস্থা।



