শেষ হল দুর্গাপুর ব্যারেজের সেতু সংস্কারের কাজ, খুলছে কবে জেনে নিন
আমার কথা, দুর্গাপুর, ১৪ জুন:
যুদ্ধকালীন পরিস্থিতিতে শেষ হল দুর্গাপুর ব্যারেজের সেতু সংস্কারের কাজ। আগামীকাল অর্থাৎ রবিবার ওই সেতুর ওপর দিয়ে পরীক্ষামূলকভাবে চালানো হবে সাইকেল, দুচাকা ও ছোট চার চাকা গাড়ি। এরপর সোমবার সকাল থেকে পুরোপুরিভাবে সব রকমের যান চলাচলের জন্য খুলে দেওয়া হবে সেতুর রাস্তাটি।
১৯৫৫ সালে দামোদর নদের ওপর তৈরী করা হয়েছিল দুর্গাপুর ব্যারেজটি। এরপর থেকে রাস্তা ভেঙ্গে গেলে জোরাতালি দিয়ে চালালেও আজ পর্যন্ত্য সেভাবে সেতু সংস্কারের কাজ হয়নি। বর্তমানে সেতুর অবস্থা এতটাই খারাপ হয়ে গেছিল যে বড় বড় গর্তের কারনে প্রায়শই দুর্ঘটনা ঘটতে থাকে। এরপর সেচ দপ্তর থেকে মে মাসে সেতু সংস্কারের সিদ্ধান্ত নেওয়া হয়। প্রায় মাস দেড়েক সময় নিয়ে অবশেষে শেষ হল এই কাজ। কাজ চলাকালীন ব্যারেজের ওপর দিয়ে কেবল অ্যাম্বুলেন্স ও যাত্রীবাহী বাস চলাচল করতে পারতো। ভারি লরি মেজিয়া দিয়ে রানীগঞ্জের দিকে ঘুরিয়ে দেওয়া হচ্ছিল। বাকি চারচাকা গাড়ি থেকে শুরু করে বাইক বা সাইকেল ব্যারেজের পাশ দিয়ে তৈরী অস্থায়ী রাস্তা দিয়ে যাতায়াত করতো। অস্থায়ী রাস্তা দিয়ে যে সব যানবাহন চলাচল করছিল সেগুলিকেই মূলতঃ রবিবার দুপুরের পর থেকে সেতুর ওপর দিয়ে পারাপার করানো হবে আর সোমবার থেকে পুনরায় আগের মতোই সমস্ত যানবাহন এই সেতুর ওপর দিয়ে চলাচল করতে পারবে বলে সেচদপ্তর সুত্রে জানা গিয়েছে।



