ডিজে বাজিয়ে, বাজি ফাটিয়ে শিক্ষা প্রতিষ্ঠানের র্যালি সিটিসেন্টারে, চরম বিতর্ক
আমার কথা, দুর্গাপুর, ১৬ জুন:
NEET পরীক্ষার ফলাফল ভাল হওয়ায় ছাত্রছাত্রীদের নিয়ে তারস্বরে বক্স বাজিয়ে, বাজি ফাটিয়ে পথে নেমে আনন্দে ভাসলো একটি বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান। পুলিশ তৎপরতার সাথে বন্ধ করলো এই দৃষ্টিকটু কাজকর্ম।
দুর্গাপুরের সিটিসেন্টারে একটু বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান ‘এলেন’। সম্প্রতি এই প্রতিষ্ঠান থেকে
NEET পরীক্ষার ফল ভাল হওয়ায় সোমবার বিকেলে প্রতিষ্ঠানের কর্তৃপক্ষ সেন্টারের ছাত্রছাত্রীদের নিয়ে একটি র্যালি বের করে। কিন্তু দেখা যায় এই র্যালিতে ডিজে বাজিয়ে, বাজি ফাটিয়ে পড়ুয়ারা উদ্যাম নৃত্য করতে করতে সিটিসেন্টারে রাস্তায় ওপর দিয়ে যেতে শুরু করে। শুধু তাই নয় এই র্যালিতে অংশ নেন সেন্টারের স্টাফদেরও একাংশ। বিষয়টি জানতে পেরে ঘটনাস্থলে আসে সিটিসেন্টার ফাঁড়ির পুলিশ। ডিজে বাজানো বন্ধ করে দেয় পুলিশ। কিন্তু বেশ কিছুটা এগোনোর পর ফের ডিজে বাজানো শুরু হয় বলে অভিযোগ। খবর পেয়ে এরপর ঘটনাস্থলে আসেন সিটিসেন্টার ফাঁড়ির ভারপ্রাপ্ত আধিকারিক সুদীপ্ত বিশ্বাস। ডিজে অপারেটর ও গাড়ি সহ চালককে আটক করে ফাঁড়িতে নিয়ে যাওয়া হয়।
ঘটনায় বেশ বিতর্ক তৈরী হয়েছে শহর জুড়ে। অভিভাবক থেকে শিক্ষককূল ঘটনার সমালোচনা করে বলেন, আনন্দের নামে পথে নেমে পড়ুয়াদের একাংশকে নিয়ে ডিজে বাজিয়ে উদ্যাম নৃত্য, ছাত্র সমাজকে কোন দিশা দেখাচ্ছে? আদতে কোন শিক্ষা দিচ্ছে এই প্রতিষ্ঠানটি?



