কোলিয়ারির স্বয়ং সক্রিয় মেশিন পাচারের চক্রান্ত রুখলো শ্রমিকরা
আমার কথা, অন্ডাল, ১৭ জুন:
খনির নিচ থেকে থেকে তোলা হয়েছে স্বয়ং সক্রিয় মেশিন। উদ্দেশ্য সেই মেশিন অন্যত্র পাঠানো। বিষয়টি জানতে পেরে মেশিন আটকে বিক্ষোভ দেখালো শ্রমিকেরা। মঙ্গলবার ইসিএলের কাজোরা এরিয়ার মুকুন্দপুর কোলিয়ারির ঘটনা।
দিন কয়েক আগে ইসিএলের কাজোরা এরিয়ার মুকুন্দপুর (ইস্ট) কোলিয়ারির ভূগর্ভ থেকে উপরে তোলা হয় একটি এএসডিএল মেশিন। খনি গর্ভে এই মেশিনের সাহায্যে কয়লা কাটা হয় । শ্রমিকদের আগাম না জানিয়েই এই মেশিনটি উপরে তোলা হয়েছে। অন্যত্র পাচারের উদ্দেশ্যেই এই কাজ না জানিয়ে করা হয়েছে বলে অভিযোগ শ্রমিকদের। বিষয়টি জানাজানি হতেই ক্ষোভ ছড়ায় শ্রমিক মহলে। মঙ্গলবার বিক্ষোভ দেখাই তৃণমূল প্রভাবিত কেকেএসসি সংগঠনের সমর্থকেরা। সংগঠনের শাখা সম্পাদক সুদর্শন সিং বলেন মুকুন্দপুর কোলিয়ারিতে আগে এ ও বি নামে দুটি পিট সক্রিয় ছিল। বি পিট আগে বন্ধ করে দেওয়া হয়েছে। বর্তমানে শুধুমাত্র চালু আছে এ পিট। কর্তৃপক্ষের উদ্দেশ্য সেটিও বন্ধ করে দেওয়া। সেই উদ্দেশ্যেই কয়লা কাটার স্বয়ং সক্রিয় মেশিন তুলে পাচারের চক্রান্ত করা হয়েছে। মেশিন না থাকলে উৎপাদন কমবে আর সেই অজুহাতে পিট বন্ধ করা সহজ হবে কর্তৃপক্ষের বলে মত সুদর্শন বাবুর। তিনি বলেন মেশিন পাচার কোনোভাবেই করতে দেওয়া চলবে না। বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট কোলিয়ারির এক আধিকারিক বলেন কোলিয়ারিতে বর্তমানে এএসডিএল মেশিনের প্রয়োজন নেই। সেই কারণেই মেশিনটি তোলা হয়েছে। পাচারের অভিযোগ ভিত্তিহীন বলে জানান তিনি।



