খনি এলাকায় ‘সিঁদুর’ উদ্যানের উদ্বোধনে কয়লা মন্ত্রী
আমার কথা, অন্ডাল, ২০ জুন:
ঝাঁঝরাতে “সিঁদুর” উদ্যানের উদ্বোধন করলেন কেন্দ্রীয় কয়লা মন্ত্রী। দশ কোটি পাঁচ লক্ষ টাকা ব্যয় এই উদ্যানটি তৈরি হয়েছে। আগামী দু’মাসের মধ্যে উদ্যানটি জনসাধারণের জন্য খুলে দেওয়া হবে বলে জানানো যায়।
কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাস হামলার জবাব দিতে সম্প্রতি পাকিস্তানের ভূখণ্ডে ঢুকে অভিযান চালায় ভারতীয় সেনা। সেই অভিযানের নাম দেওয়া হয় “অপারেশন সিঁদুর”। অভিযানের সাফল্যে সেনাদের সম্মান জানাতে এরপর কেন্দ্রীয় সরকার ও কেন্দ্রের শাসকদল বিজেপির পক্ষ থেকে সিঁদুর বিতরণ, সিঁদুর গাছের চারা রোপন সহ একগুচ্ছ কর্মসূচি নেওয়া হয়। এই আবহে শুক্রবার দুর্গাপুর ফরিদপুর ব্লকের ইসিএলের ঝাঁঝরাতে “সিঁদুর উদ্যান” নামে একটি পার্কের দারদঘাটন করলেন কেন্দ্রীয় কয়লা মন্ত্রী জি কৃষন রেড্ডি। ফিতে কেটে তিনি উদ্যানটির উদ্বোধন করেন। মন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন ইসিএলের সিএমডি সতীশ ঝা। ঝাঁঝরা এরিয়ার জেনারেল ম্যানেজার আর সি মহাপাত্র সহ অন্যান্য আধিকারিকেরা। উদ্যানটি তৈরি করতে খরচ হয়েছে ১০ কোটি ৫ লক্ষ টাকা। ব্যাটারি চালিত ই-রিক্সাতে চড়ে উদ্যানটি ঘুরে দেখেন কয়লা মন্ত্রী সহ অন্যান্য আধিকারিকেরা। আগামী দু মাসের মধ্যে এই উদ্যানটি জনসাধারণের জন্য খুলে দেওয়া হবে বলে জানানো হয়।
কয়লা মন্ত্রী জি কিষণ রেড্ডি বলেন বিদ্যুৎ সহ অন্যান্য কাজে কয়লার সরবরাহ জরুরী। তাই উৎপাদন বৃদ্ধিতে মনোযোগ দিতে হবে। সেই সাথে শ্রমিকদের সুরক্ষার পাশাপাশি জোর দিতে হবে নির্মল পরিবেশ গড়ে তোলার কাজে। ভারতীয় সেনাদের সম্মানে উদ্যানটির নাম সিঁদুর উদ্যান রাখা হয়েছে বলে ঝাঁঝরা এরিয়ার এক আধিকারিক জানান। শনিবার কয়লা মন্ত্রী পাণ্ডবেশ্বরের সোনপুর বাজারি এরিয়া পরিদর্শনে যাবেন। সেখানে তার একগুচ্ছ কর্মসূচি রয়েছে বলে সূত্রের খবর।



