পান্ডবেশ্বর ব্লকে দীঘার জগন্নাথধামের মহাপ্রসাদ বিতরণ
আমার কথা, পান্ডবেশ্বর, ২২ জুন:
পশ্চিমবঙ্গ সরকারের ব্যবস্থাপনায় সারা রাজ্যের সাথে সাথে পাণ্ডবেশ্বর ব্লকেও “দুয়ারে রেশন” প্রকল্পের মাধ্যমে দীঘার জগন্নাথ মন্দিরের মহাপ্রসাদ বিতরণ শুরু হল। কুমারডিহি গ্রামের ধর্মরাজ মন্দিরে শনিবার “দুয়ারে রেশন” ক্যাম্প বসেছিল। এই ক্যাম্প থেকে কুমারডিহি গ্রামের সাধারণ মানুষদের মধ্যে জগন্নাথ দেবের প্রসাদ বিতরণ করা হল। এই ক্যাম্প পরিদর্শনে উপস্থিত ছিলেন পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী, বিডিও পাণ্ডবেশ্বর বৃষ্টি হাজরা, পঞ্চায়েত সমিতির সভাপতি রমা রুইদাস, পূর্ত কর্মাধ্যক্ষ কিরীটি মুখার্জি এবং খাদ্য ও সরবরাহ দপ্তরের আধিকারিক।
এই ক্যাম্প পরিদর্শনকালে বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী বলেন মুখ্যমন্ত্রী সবসময় প্রান্তিক মানুষের জন্য ভাবনা চিন্তা করেন, তারই উদ্যোগে পশ্চিমবঙ্গের প্রত্যন্ত অঞ্চলেও দীঘার জগন্নাথ মন্দিরের প্রসাদ বিতরণের ব্যবস্থা করা হয়েছে। এতে রাজ্যের সাধারণ গরিব মানুষও ঘরে বসেই ভগবান জগন্নাথ দেবের মহাপ্রসাদ পেয়েছেন এবং আনন্দ উচ্ছ্বাস প্রকাশ করেছেন।
“দুয়ারে রেশন” ক্যাম্প পরিদর্শনে এসে বিডিও পাণ্ডবেশ্বর বৃষ্টি হাজরা বলেন ব্লকের ৪৭ টি রেশন ডিলারের সহযোগিতায় পাণ্ডবেশ্বর ব্লকের সমস্ত গ্রামে “দুয়ারে রেশনের” ব্যবস্থার মাধ্যমে দীঘার জগন্নাথ মন্দিরের মহাপ্রসাদ বিতরণের ব্যবস্থা করা হয়েছে।
পাণ্ডবেশ্বর পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ ও কুমারডিহি গ্রামের বাসিন্দা কিরীটি মুখার্জি বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা ব্যানার্জি সারা বিশ্বকে দেখিয়ে দিয়েছেন যে, কোনো ধর্মীয় উপাসনালয় না ভেঙ্গেও কোনো সম্প্রদায়ের মানুষের ধর্মীয় ভাবাবেগকে আঘাত না করেও নতুন কিছু গড়ে তোলা সম্ভব, দীঘায় জগন্নাথ মন্দির গড়ে তুলে তারই প্রমাণ দিয়েছেন তিনি।



