খনির নিচে শ্রমিকদের আটকে রাখার অভিযোগ, চাঞ্চল্য
আমার কথা, অন্ডাল, ১ জুলাই:
যন্ত্র বিকল, কাজ বন্ধ, এঅবস্থায় শ্রমিকদের উপরে উঠতে বাধা দেওয়ার অভিযোগ উঠল এক আধিকারিকের বিরুদ্ধে। ঘটনাটি ইসিএলের কেন্দা এরিয়ার সিদুলি কোলিয়ারির।
সোমবার ইসিএলের কেন্দা এরিয়ার সিদুলি কোলিয়ারিতে দ্বিতীয় শিফটের ডিউটিতে বিকেল চারটের সময় খনির নিচে নামে শ্রমিকরা। রাত্রি ১০ টা নাগাদ খনি গর্ভে হলেজ যন্ত্র ( কয়লা বোঝাই টপ গাড়ি টানে যে যন্ত্র ) বিকল হয়ে যায়। যন্ত্র বিকল হওয়ার কারণে খনির নিচে বন্ধ হয়ে যায় উৎপাদনের কাজ। এমন পরিস্থিতিতে সাধারণত শ্রমিকরা খনির উপর উঠে আসে। এদিনও শ্রমিকরা উপরে উঠে আসার জন্য লিফটের কাছে গেলে তাদের উপরে উঠতে নিষেধ করা হয়। জানানো হয় ম্যানেজারের নির্দেশ ১২ টার আগে উপরে ওঠা যাবে না। এই নির্দেশে ক্ষুব্ধ হয়ে ওঠে শ্রমিকরা । খনির নিচে নিরাপত্তা ও পর্যাপ্ত পরিমাণ অক্সিজেন সরবরাহের দাবি জানান তারা। অবশেষে রাত ১টা নাগাদ শ্রমিকরা খনি গর্ভ থেকে উপরে উঠে আসে। রাজারাম পাশোয়ান, প্রনব রায়রা বলেন খনির নিচে অক্সিজেনের মাত্রা কম ছিল, শ্বাস প্রশ্বাস নিতে অসুবিধা হয় তাদের। নিরাপত্তা ব্যবস্থায় ঘাটতি রয়েছে। বিষয়টি জানানো শর্তেও ম্যানেজার জোর করে তাদের খনির নিচে দীর্ঘক্ষণ আটকে রাখে বলে অভিযোগ করেন তারা। অভিযুক্ত ম্যানেজারের এ,কে চৌধুরীর কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি।



