বিধাননগর রেসিডেন্টস অ্যাসোসিয়েশনের উদ্যোগে অভিনব কর্মসূচী
আমার কথা, দুর্গাপুর, ২ জুলাইঃ

বাংলার রূপকার ডাঃ বিধানচন্দ্র রায়ের জন্ম ও মৃত্যু দিনকে চিকিৎসক দিবস হিসেবেও পালিত হয়। এই দিনটিকে স্মরণ করে সাথে ডাঃ বিধানচন্দ্র রায়কে সম্মান জানাতে দুর্গাপুরের বিধাননগর রেসিডেন্টস অ্যাসোসিয়েশনের সদস্যরা এক অভিনব উদ্যোগ নিয়েছিলেন মঙ্গলবার। এদিন প্রথমে বিধানচন্দ্র রায়ের মূর্তির পাদদেশে মাল্যদান করা হয়। এরপর চিকিৎসক দিবসের মাহাত্ম্যকে মাথায় রেখে ১৫জন চিকিৎসকে সম্মানিত করা হয় বিধাননগর রেসিডেন্টস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে। পাশাপাশি এদিন ২৭নং ওয়ার্ডের বাসিন্দাদের সুরক্ষার বিষয়টি নিশ্চিত করতে এই অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ওই ওয়ার্ডের বিভিন্ন জায়গায় সিসিটিভি ক্যামেরা বসানোর আর্জি জানিয়ে বিধাননগর ফাঁড়ির ভারপ্রাপ্ত আধিকারিক মিহির দে-র হাতে ৫০ হাজার টাকা তুলে দেন সদস্যরা। এদিন একটি বেসরকারী হাসপাতালের সহযোগিতায় একটি বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষ শিবিরের আয়োজন করা হয়েছিল, যেখানে ৯০ শতাংশ মানুষই ছিলেন পঞ্চাশোর্ধ্ব, মোট ৮৮ জনের স্বাস্থ্য পরীক্ষা করা হয় সম্পুর্ণ বিনামূল্যে। সর্বোপরি এদিনের উল্লেখ করার মতো যে কর্মসূচীটি নেওয়া হয়েছিল বিধাননগর রেসিডেন্টস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে তা হল, একশ দিনের কাজের আওতায় যারা ওই এলাকায় সাফাইয়ের কাজ করেন সেই সব কর্মীদের সাথে শিশুদের মিষ্টির প্যাকেট বিতরণ করা হয়।
বিধাননগর রেসিডেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সুমন বন্দোপাধ্যায় জানান, “দুর্গাপুর আমাদের প্রাণের শহর। আজ ডাঃ বিধানচন্দ্র রায়ের জন্মদিন। ডাঃ বিধানচন্দ্র রায়ের জন্যই আমরা এত সুন্দর একটি শহর উপহার পেয়েছি। তাই এই শহরটিকে সুন্দর করে রক্ষা করার দায়িত্বও আমাদের। তাই এই রূপকারকে সম্মান জানাতে আজ আমরা বেশ কিছু কর্মসূচীর উদ্যোগ নিয়েছিলাম। আগামীদিনেও আমরা এভাবেই নানা সমাজসেবা মূলক কাজ করতে চাই”।



