ফের দুর্গাপুরে আসতে চলেছেন নরেন্দ্র মোদি?
আমার কথা, দুর্গাপুর, ৫ জুলাই:
আবারও রাজ্য সফরে আসতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। চলতি মাসেই পশ্চিমবঙ্গে আসবেন। এমনটাই খবর পাওয়া যাচ্ছে সূত্র মারফত। এবারে বঙ্গ সফরে বেশ কিছু জায়গায় জনসভা করবেন তিনি, যার মধ্যে সম্ভবত: দুর্গাপুর একটি, আর প্রধানমন্ত্রীর এই সভাকে সফল করতে কোমর বেঁধে নেমে পড়েছেন গেরুয়াবাহিনী।
জানা যাচ্ছে, ১৮ জুলাই রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাজ্যের একাধিক জায়গায় তাঁর সভা করার কথা রয়েছে। সদ্য রাজ্য বিজেপিতে বড়ো বদল এসেছে। ২৬ সালের বিধানসভা ভোটের আগে বিজেপি নেতা শমীক ভট্টাচার্য কে নতুন রাজ্য সভাপতি করা হয়েছে। শোনা যাচ্ছে তাঁকে পাশে বসিয়েই এই সভা সারবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই সফর সূচীর মধ্যে দুর্গাপুরও থাকতে পারে বলে সুত্র মারফত জানা যাচ্ছে। উল্লেখ্য ২০১৯ সালের ৩ ফেব্রুয়ারী দুর্গাপুরে জনসভা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এরপর ২০২৫ এর ১৮ জুলাই আবার দুর্গাপুরে আসতে পারেন বলে দলীয় সুত্রে খবর। দুর্গাপুরে কর্মীদের নিয়ে প্রধানমন্ত্রী একটি জনসভা করতে পারেন, যার জন্য বেছে নেওয়া হচ্ছে নেহেরু স্টেডিয়ামটিকে। তাই শনিবার একটি পরিদর্শক দল নেহেরু স্টেডিয়াম পরিদর্শণ করেন। সেই দলে ছিলেন সতীশ ধন্ড, বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায়, বিধায়ক লক্ষ্মণ ঘোড়ুই, বিজেপি নেতা অভিজিৎ দত্ত, বিজেপি নেতা চন্দ্রশেখর বন্দোপাধ্যায় প্রমূখ।
সুত্র মারফত জানা গিয়েছে, এই জনসভা থেকে বেশ কিছু চমক দেবেন প্রধানমন্ত্রী। ঘোষণা করবেন বেশ কিছু প্রকল্প ও কর্মসূচীর।
গত ২৯ মে, তারপর ২০ জুন, এরপর ১৮ জুলাই। প্রতি মাসে বঙ্গে আসছেন নরেন্দ্র মোদি। রাজনৈতিক মহলের একাংশ মনে করছেন ২৬ এ বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করেই ময়দানে নেমে পড়েছেন মোদি। এদিকে সামনেই ২১ জুলাই তৃণমূল কংগ্রেসের শহীদ দিবস রয়েছে। তার দুদিন আগেই প্রধানমন্ত্রীর এই বঙ্গ সফর বেশ তাৎপর্যপূর্ণ।



