দুর্গাপুরে জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনা
আমার কথা, দুর্গাপুর, ৫ জুলাই:
দুর্গাপুরের ওল্ড কোর্ট মোড়ে আজ শনিবার রাত ৯টা নাগাদ একটি দুর্ঘটনা ঘটে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, আসানসোলের দিক থেকে লোহা বোঝাই একটি ডাম্পার কলকাতার দিকে যাচ্ছিল। ১৯ নং জাতীয় সড়কের উপর ওল্ড কোর্ট মোড়ের কাছে আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে ডাম্পারটি। নিয়ন্ত্রণ হারিয়ে ডাম্পারটি সামনে একটি ট্রেলারে ধাক্কা মারে। ধাক্কার চোটে ট্রেলারটি আবার সামনে দুটি চার চাকা গাড়িকে ধাক্কা মারে। ঘটনায় জখম হন ডাম্পারের চালক। তার পায়ে মারাত্মক চোট লাগে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে দুর্গাপুর ট্রাফিক পুলিশ। ডাম্পারটিকে আটক করে সাথে জখম চালককে উদ্ধার করে দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে ভর্তি করে। এদিকে দুর্ঘটনার জেরে কলকাতাগামী লেনে যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ দুর্ঘটনাগ্রস্থ গাড়িগুলিকে সরিয়ে নিয়ে গেলে ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক হয়।



