দুই সিভিক ভলান্টিয়ারের তৎপরতায় সন্তানকে ফিরে পেলেন মা
আমার কথা, দুর্গাপুর, ৬ জুলাইঃ
দুই সিভিক ভলান্টিয়ারের তৎপরতায় হারিয়ে যাওয়া শিশু সন্তানকে ফিরে পেলেন মা। ঘটনাটি দুর্গাপুরের বেনাচিতির। সন্তানকে ফিরে পেয়ে আপ্লুত মা ধন্যবাদ জানালেন পুলিশকে।
দুর্গাপুরের ভিড়িঙ্গীর চাষীপাড়ার বাসিন্দা বছর চারেকের ওই শিশুটিকে সকাল থেকেই খুঁজে পাওয়া যাচ্ছিল না। চারিদিকে খোঁজাখুঁজি চলছিল। সেই সময় একটি মোবাইলে ভিডিওতে নিজের সন্তানের ছবি দেখে পুলিশের সাথে যোগাযোগ করেন।
অন্যদিকে, দুর্গাপুর ট্রাফিক পুলিশের দুই সিভিক ভলান্টিয়ার গৌরাঙ্গ বিশ্বাস ও রোহিত মন্ডল বেনাচিতির শালবাগান এলাকায় যখন ডিউটি করছিলেন, সেই সময় এক টোটো চালক ওই শিশুটিকে তাঁদের কাছে এসে দিয়ে যায়। তাঁরা জানতে পারেন শিশুটি ভিড়িঙ্গী এলাকায় মেন রোডের ওপরে ঘোরাঘুরি করছিল। এরপর ওই দুই সিভিক ভলান্টিয়ার এ-জোন ফাঁড়ির আইসির সাথে যোগাযোগ করে বিষয়টি জানান সাথে বাচ্চাটির ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেন। সেই ভিডিও দেখে শিশুটির মা পুলিশের সাথে যোগাযোগ করেন এবং নিজের সন্তানকে ফিরে পান।
নিজের সন্তানকে ফিরে পেয়ে যারপরনাই খুশি মা। ধন্যবাদ জানান পুলিশকে ও কর্তব্যরত ওই দুই সিভিক ভলান্টিয়ারকে।



