জীবনে প্রথম সাইকেলে তীর্থভ্রমণ, পাড়ি দিলেন কেদারনাথে
আমার কথা, লাউদোহা, ১০ জুলাইঃ
সাইকেলে চড়ে কেদারনাথ ধাম পাড়ি দিলেন ঝাঁঝড়ার বছর ৪৮ এর জীবন বাদ্যকর। বাসে ট্রেনে বহুবার তীর্থ করলেও সাইকেলে করে এই প্রথম তীর্থযাত্রা বলে জানান তিনি।
দুর্গাপুর ফরিদপুর ব্লকের ঝাঁঝরা কলোনী সংলগ্ন কুচডিহি গ্রামের বাসিন্দা বছর ৪৮ এর জীবন বাদ্যকর বৃহস্পতিবার বিকেলে স্থানীয় চন্দ্রচূড় মন্দিরে পূজো দিয়ে সাইকেলে করে পাড়ি দিলেন কেদারনাথ ধাম। পরিবারের সদস্যরা ছাড়াও বন্ধুবান্ধব স্থানীয়রা শুভেচ্ছা জানালেন জীবন বাবুকে। জীবনে কমবেশি অনেক তীর্থযাত্রা করা হয়েছে। তবে সেগুলি ছিল বাস বা ট্রেনে যাত্রা। সাইকেলে করে এই প্রথম তীর্থযাত্রার উদ্দেশ্যে পাড়ি দেওয়া বলে জানান তিনি। জীবন বাবু এক সময় রংমিস্ত্রি হিসেবে কাজ করতেন। স্ত্রী দুই মেয়ে নিয়ে জীবন বাবুর সংসার। সম্প্রতি স্ত্রী দুর্গাপুরে একটি বেসরকারি হাসপাতালে আয়ার কাজে যোগ দিয়েছেন। মেয়েরা শিক্ষিত, নার্সিং নিয়ে পড়াশোনা করে বর্তমানে তারা ব্যাঙ্গালোরে কর্মরত। পরিবার চালাতে একসময় অনেক কষ্ট করতে হয়েছে। মেয়েরা স্বাবলম্বী হওয়ায় দূর হয়েছে সেই চিন্তা। এখন কোন কাজে যুক্ত নয়, হাতে অনন্ত সময়। বাকি জীবন তীর্থ করে কাটাবো বলে মনস্থির করেছি বলে জানান জীবন বাবু। কোন রাস্তা ধরে কত দিনে কেদারনাথ ধাম পৌঁছাবেন জিজ্ঞেস করাই তিনি বলেন এই সম্পর্কে আমার কোন ধারণা নেই, সাইকেল নিয়ে বেরিয়ে পড়েছি অজানা পথে । লোকজনকে জিজ্ঞেস করে ঠিক একদিন কেদারনাথ ধাম পৌঁছে যাব বলে জানান তিনি।



