মহারাষ্ট্র থেকে সোনা নিয়ে চম্পট, খনি এলাকায় গ্রেফতার প্রতিবেশী জেলার বাসিন্দা
আমার কথা, সার্থক দে, অন্ডাল, ২২ আগস্টঃ
বৃহস্পতিবার অন্ডালের কাজোরা এলাকায় একটি বেসরকারি কারখানা থেকে পূর্ণ মন্ডল নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে মহারাষ্ট্রের পুলিশ। ধৃত ব্যক্তি বীরভূম জেলার পাইকর থানার বাসিন্দা। ঘটনা সূত্রে জানা যায় ধৃত পূর্ণ মন্ডল মহারাষ্ট্রে একটি সোনার দোকানে কর্মী হিসেবে কাজ করতো, মাস চারেক আগে সেই দোকান থেকে আড়াইশো গ্রাম সোনা চুরি করে সে চম্পট দেয়। সোনার দোকানের মালিকের অভিযোগে তদন্ত শুরু করে মহারাষ্ট্রের রবিবারপেটা থানার পুলিশ। সেখানকার পুলিশের একটি দল বৃহস্পতিবার অন্ডাল থানার পুলিশের সহযোগিতায় কাজোরার ওই বেসরকারি কারখানা থেকে পূর্ণ মন্ডলকে গ্রেফতার করে। অভিযোগ ধৃত পূর্ণ মণ্ডল ঐ কারখানায় নিরাপত্তারক্ষী হিসেবে কাজে যোগদেয় মাস দুয়েক আগে। ধৃতকে শুক্রবার পেশ করা হয় দুর্গাপুর মহাকুমা আদালতে। চুরি যাওয়ার সোনা উদ্ধার ও জিজ্ঞাসাবাদের জন্য ধৃতকে ট্রানজিট রিমান্ড চাওয়া হবে বলে পুলিশ সূত্রে জানা যায়।



