ক্লোরিন ট্যাংক লিক করে অসুস্থ ৯, দেখুন ভিডিও
আমার কথা, সার্থক দে, পান্ডবেশ্বর, ১ সেপ্টেম্বর:
জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের জল প্রকল্পের ক্লোরিনের ট্যাংক লিংক করে একজন মহিলা সহ অসুস্থ ৯ জন। সোমবার সন্ধ্যায় ঘটনাটি ঘটে পাণ্ডবেশ্বর ফুলবাগান সংলগ্ন এলাকায়।
পাণ্ডবেশ্বরের অজয় নদী সংলগ্ন ফুলবাগান এলাকায় রয়েছে জনস্বাস্থ্য কারিগরি দফতরের জল পরিশোধন কেন্দ্র। সোমবার সন্ধ্যাবেলায় সেখানে ক্লোরিনের ট্যাংক লিক করে বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ে। সেই গ্যাসে সন্ধ্যা পট্টনায়ক নামে এক মহিলা সহ অসুস্থ হয়ে পড়ে ৯ জন। ঘটনার পরেই এলাকায় ছড়ায় আতঙ্ক। খবর পেয়ে ঘটনাস্থলে প্রশাসনিক কর্তা ব্যক্তিদের পাশাপাশি পৌঁছায় পাণ্ডবেশ্বর থানার পুলিশ। অসুস্থদের উদ্ধার করে চিকিৎসার জন্য পাঠানো হয় স্থানীয় হাসপাতালের পাশাপাশি দুর্গাপুর মহাকুমা হাসপাতাল, আসানসোল জেলা হাসপাতাল ও দুর্গাপুরে একটি বেসরকারি সুপার স্পেশালিটি হাসপাতালে। স্থানীয় তৃণমূল নেতা যমুনা ধীবর বলেন দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে এসে আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। কি করে এই দূর্ঘটনা ঘটলো তা তদন্ত করে দেখা হবে বলে জানান জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের এক আধিকারিক।



