ত্রিকোণ প্রেমের করুন পরিণতি? পথের কাঁটা সরাতে প্রেমিককে খুন? দেখুন ভিডিও
আমার কথা, মুনমুন দত্ত, দুর্গাপুর, ৭ সেপ্টেম্বর:
আমার একটাই ভাই ছিল, এই আর্তনাদ দিদির তার ভাইকে নিয়ে, যে ভাইয়ের ঝুলন্ত দেহ উদ্ধার হল তাদেরই বাড়ির পেছন থেকে।
দুর্গাপুরের ভ্যাম্বে কলোনীর ছেলে বছর ২৩ এর ভৈরব ক্ষেত্রপাল কি তাহলে ত্রিকোণ প্রেমের বলি হল? সেই সন্দেহই করছে ভৈরবের পরিবার।
স্থানীয় সুত্রে খবর ওই এলাকায় দিদি জামাইবাবুর সাথে থাকতো রিঙ্কু বাউড়ি নামে এক তরুণী। রিঙ্কুর সাথে প্রেমের সম্পর্কে ছিল ভৈরব। গত বুধবার ভৈরবকে ডেকে নিয়ে যায় রিঙ্কু। জানা গিয়েছে দুজনের মধ্যে অশান্তিও হয়েছিল। পরেরদিন সকালে বাড়ি থেকে বেরোয় ভৈরব আর তারপর থেকেই নিখোঁজ ছিল। পরিবার থেকে নানা জায়গায় খোঁজ করেও সন্ধান মেলেনি ভৈরবের৷ থানায় মিসিং ডায়েরিও করা হয় পরিবার থেকে। এরপর আজ রবিবার ভোর ৫.৩০ নাগাদ বাড়ির পেছনে জঙ্গলে একটি গাছে ভৈরবের ঝুলন্ত দেহ দেখতে পায় স্থানীয় এক যুবক।
ভৈরবের পরিবারের দাবি তাদের ছেলেকে খুন করা হয়েছে। পথের কাঁটা সরাতেই এই ঘটনা।
এদিকে খবর ছড়িয়ে পড়তেই এলাকার লোকজন ক্ষোভে ফেটে পড়ে। তরুণীর বাড়িতে চড়াও হয়ে ব্যাপক ভাঙচুর চালায়। পরিস্থিতি সামলাতে আসে নিউটাউনশিপ থানার পুলিশ। নামাতে হয় কমব্যাট ফোর্স।



