ধর্মকে ব্যবহার করে রাজনীতি করে যারা তারা দুর্বৃত্ত ও দুরাচারীঃ ধর্মগুরু শঙ্করাচার্য
আমার কথা, মুনমুন দত্ত, দুর্গাপুর, ১১ সেপ্টেম্বরঃ
“যারা ধর্মকে ব্যবহার করে রাজনীতি করে তারা দুর্বৃত্ত ও দুরাচারী ছাড়া আর কিছু নয়”-এমনটাই বললেন পুরীর শ্রীমদ্ জগৎগুরু শঙ্করাচার্য শ্রী স্বামী নিশ্চলানন্দ সরস্বতী জী মহারাজ। দুর্গাপুর শিল্পাঞ্চলে অবস্থিত কেন্দ্রীয় সরকারের অধীনস্থ শিক্ষাঙ্গন ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজিতে বুধবার একটি ধর্মীয় অনুষ্ঠানে আসেন ধর্মগুরু শঙ্করাচার্য। শ্রী স্বামী নিশ্চলানন্দ সরস্বতী জী মহারাজ এদিন সকালে প্রথমে এনআইটি গেস্ট হাউসে আয়োজিত একটি বিশেষ পূজা অনুষ্ঠানে অংশ নেওয়ার পর ইনস্টিটিউটের পরিসরের ভেতরেই অবস্থিত একটি স্যানেট অডিটোরিয়ামে সাধারণ ভক্ত ও ছাত্র-ছাত্রীদের প্রশ্নের মুখোমুখি হন। সেখানে এক ভক্তের করা প্রশ্নের উত্তরে তিনি বলেন,”রাজনীতির সাথে ধর্মের কোন যোগ নেই। যারা ধর্মকে ব্যবহার করে রাজনীতি করে তারা দুর্বৃত্ত ও দুরাচারী ছাড়া আর কিছু নয়। সবাই পাপের ভাগী,যদি তারা কোন ধর্ম বিশেষকে ব্যবহার করে রাজনীতি করছেন। হিন্দু ধর্মের চার ধামের যে চারজন জগৎগুরু শংকরাচার্য আছেন, তাঁদের সাথে ধর্ম নিয়ে রাজনীতি করা মানুষের কোন যোগাযোগ নেই। জগৎগুরু শঙ্করাচার্যের মঠের সমস্ত গুরু, সেবাইত ও ভক্তরা কখনোই রাজনৈতিক নেতৃত্বের সাথে যোগাযোগ রাখেন না।” পাশাপাশি এদিন তিনি যুব মাতা-পিতাদের তাদের সন্তানদেরকে সনাতন ধর্মের আলোয় আলোকিত করে তাদের জীবন প্রশস্ত করবে এমন কিছু নৈতিক উপাদান, উপস্থিত সকলের মধ্যে বিলিয়ে দেন।
এছড়াও এদিন বিকেলে এনআইটি কমপ্লেক্সের ভেতরেই অবস্থিত নিউ অডিটোরিয়ামে কলেজের সকল ছাত্র-ছাত্রীদের নিয়ে আয়োজিত একটি বিশেষ অনুষ্ঠানে যোগ দেন পুরীর জগৎগুরু শঙ্করাচার্য। যেখানে তিনি আগামী দিনে ভারতবর্ষকে কীভাবে আবার বিশ্বের দরবারে শ্রেষ্ট আসনে বসানো যায়, সেই বিষয় নিয়ে আলোকপাত করেন।



