পুজোর মধ্যে বিষাদের সুর! ডাম্পারের চাকাতে মৃত্যু চালকের
আমার কথা, সনাতন গড়াই, কাঁকসা, ১৭ সেপ্টেম্বর:
ডাম্পারের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হয় ডাম্পারের চালকের। বিশ্বকর্মা পুজোর আগের দিনে ঘটনায় বিশ্বকর্মা পুজোর দিনও শোকস্তব্ধ এলাকা। আনন্দের উৎসবের আগে অচিন্ত্য মর্মান্তিক ঘটনা। ডাম্পারের চাকায় পিষ্ট হয়ে প্রাণ হারালেন কাঁকসার বিদবিহারের কাজলাডিহির যুবক বিশ্বজিৎ মণ্ডল (৩৫)। মঙ্গলবার বিকেলে ঘনিয়ে আসা এই মৃত্যুতে গোটা গ্রাম শোকে স্তব্ধ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার দুপুরে শিবপুর থেকে ডাম্পার ধুইয়ে বাইকে বাড়ি ফিরছিলেন বিশ্বজিৎবাবু। গাড়ির খালাসী চালাচ্ছিল ডাম্পারটি। হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে কৃষ্ণপুর সংলগ্ন রাস্তায় বাইকে ধাক্কা মারে ডাম্পারটি। মুহূর্তের মধ্যে রাস্তার ধুলোয় লুটিয়ে পড়েন বিশ্বজিৎ। রক্তাক্ত অবস্থায় মালানদিঘী ফাঁড়ির পুলিশ তড়িঘড়ি তাঁকে দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে গেলেও চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। পুলিশ ডাম্পার ও বাইক দুটিকেই হেফাজতে নিয়ে দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে। যে বিশ্বকর্মা পুজো ঘিরে কাঁকসা জুড়ে উৎসবের প্রস্তুতি চলছিল, সেই আনন্দের মধ্যেই নেমে এসেছে হাহাকারের ছায়া।



