মিশ্র ইস্পাত কারখানার প্রশাসনিক ভবনের সামনে বিক্ষোভ
আমারকথা, সনাতন গড়াই, দুর্গাপুর, ১৯ সেপ্তেম্বরঃ
শুক্রবার সকাল ৮টা থেকে ৯টা পর্যন্ত এএসপি-র প্রশাসনিক ভবনের সামনে যৌথ বিক্ষোভ কর্মসূচি পালন করল এএসডব্লিউইউ ও এএসপিটিএমসি/আইএনটিইউসি। পরে নির্বাহী অধিকর্তার মাধ্যমে স্টিল অথরিটি অফ ইন্ডিয়ার (সেল) চেয়ারম্যানের কাছে ১৫ দফা দাবিপত্র পাঠানো হয়। শনিবার দিল্লিতে জাতীয় যৌথ কমিটির বৈঠকের আগে স্থায়ী ও অস্থায়ী শ্রমিকদের দীর্ঘদিনের একাধিক দাবি তুলে ধরা হয় এই কর্মসূচিতে। স্থায়ী শ্রমিকদের ৩৯ মাসের বকেয়া এরিয়া, পুজোর বোনাস ৪০ হাজার ৫০০ টাকা, কারখানার আধুনিকীকরণ ও সম্প্রসারণের পাশাপাশি অস্থায়ী শ্রমিকদের ন্যূনতম বেতন ২৬ হাজার টাকা, সম্পূর্ণ মহার্ঘ ভাতা (ভিডিএ), দুর্গাপুর স্টিল প্ল্যান্টের সার্কুলার অনুযায়ী বেতন এবং ৩৬ দিনের ছুটি-সহ বিভিন্ন দাবিই এদিনের বিক্ষোভের মূল কেন্দ্রবিন্দু।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন এএসডব্লিউইউ-র কার্যকরী সভাপতি মনিলাল সিনহা, সাধারণ সম্পাদক প্রদীপ কুমার দত্ত, সহ-সভাপতি জয়ব্রতা মজুমদার, সম্পাদক সঞ্জয় তামাং, রামনারায়ণ সাহা, পথদূত দে, বিপ্লব মুখার্জী, রবিশঙ্কর দাস। এএসপিটিএমসি/আইএনটিইউসি-র পক্ষ থেকে উপস্থিত ছিলেন সহ-সভাপতি স্বপন কুণ্ডু, সাধারণ সম্পাদক লক্ষণ রায়, সম্পাদক অজয় বাগদি, কানায়া বসাক, সাংগঠনিক সম্পাদক জিৎ চক্রবর্তী, কোষাধ্যক্ষ শিবনাথ ধীবর, বাবলু বদ্যকার, উজ্জ্বল রুইদাস-সহ অন্যান্য নেতৃত্ব।
বিক্ষোভ শেষে দুটি ইউনিয়নের পক্ষ থেকে সকলকে ধন্যবাদ জানান এএসডব্লিউইউ-র সাধারণ সম্পাদক প্রদীপ কুমার দত্ত।



