দুর্গাপুরে বিজেপির সংশোধনী আইন নিয়ে তরজা
আমার কথা, সনাতন গড়াই, দুর্গাপুর, ২০ সেপ্টেম্বর:
বিজেপির দলীয় কার্যালয়ে নাগরিকত্ব সংশোধনী আইনের আবেদন শিবির। যাকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক উত্তাপ। সরকারি নিয়ম ভেঙে উদ্বাস্তুদের মন পেতে চাইছে বিজেপি কটাক্ষে তৃণমূল। শনিবার সকাল থেকে দুর্গাপুরের ৩১ নম্বর বিদ্যাসাগর এভিনিউয়ের বিজেপি কার্যালয় যেন সরকারি ক্যাম্পাসের নয়া সংস্করণ! অফিসের মূল ফটকে মানুষের আনাগোনা, আবেদনপত্রের সারি আর চারপাশে বিজেপি কর্মীদের ব্যস্ততা পুরো পরিবেশ যেন সরকারি দপ্তরের কার্যকলাপকেই মনে করিয়ে দিচ্ছিল। ফিতে কেটে শিবিরের আনুষ্ঠানিক উদ্বোধন করেন হরিণঘাটার বিজেপি বিধায়ক অসীম সরকার। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন দুর্গাপুর পশ্চিমের বিধায়ক লক্ষণ ঘড়ুই, জেলা সহ-সভাপতি চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়-সহ অন্যান্য বিজেপি নেতৃত্ব। অসীম সরকার বলেন, “যারা উদ্বাস্তু আছেন, ভারত সরকার তাঁদের নাগরিকত্ব দিতে চায়। কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী এর বিরোধিতা করছেন। বহুদিন ধরে ওপার বাংলা থেকে এপারে বসবাস করা মানুষদের নাগরিকত্ব দেওয়ার জন্যই এই শিবির।” অন্যদিকে, তৃণমূল কংগ্রেসের তরফে শিবিরের আয়োজনকে কটাক্ষ করে সরব হন জেলা মুখপাত্র উজ্জ্বল মুখোপাধ্যায়। তাঁর বক্তব্য, “ভারত সরকারের কর্মসূচি সরকারি দফতরেই হওয়া উচিত। বিজেপি দলীয় কার্যালয়ে ক্যাম্প মানে ভোটের আগে উদ্বাস্তুদের মন পাকা করার খেলা। আমরা এর বিরুদ্ধে নির্বাচন কমিশনে অভিযোগ জানাব।”



