নিখিল নায়েকের পরিবারের সাথে দেখা করলেন মন্ত্রী
আমার কথা, সনাতন গড়াই, দুর্গাপুর, ২২ সেপ্টেম্বর:
তৃণমূলের লড়াকু ও প্রবীণ তৃণমূল নেতা নিখিল নায়েকের মৃত্যুতে শোকস্তব্ধ এলাকা। রবিবার রাতে তার শেষকৃত্য সম্পন্ন হয়েছে বীরভানপুর মহাশ্মশানে। আসানসোল জেলা হাসপাতালে ইতিমধ্যেই তার দেহ ময়নাতদন্ত করা হয়েছে। পুলিশ তার মৃত্যুর সঠিক কারন জানতে তদন্ত শুরু করেছে।
এদিকে নিখিল নায়েকের মৃত্যুতে ভেঙে পড়েছে তাঁর পরিবার। রয়েছেন স্ত্রী ও এক মেয়ে। সোমবার রাজ্যের পঞ্চায়েত গ্রামোন্নয়ন ও সমবায় মন্ত্রী প্রদীপ মজুমদার নিখিল নায়েকের কমলপুরের বাড়িতে গিয়ে নিখিল বাবুর আত্মার চিরশান্তি কামনা করেন। পরিবারের সদস্যদের সান্ত্বনা দিয়ে তাঁদের পাশে থাকার আশ্বাস দেন। মন্ত্রী বলেন, “দীর্ঘদিনের লড়াকু শ্রমিক আন্দোলনের অন্যতম মুখ ছিলেন তিনি। আমরা একসাথে অনেক কাজ করেছি। আমার সাথে ওনার প্রতিদিন ফোনে কথা হতো। ওনার চলে যাওয়াতে দলের অপূরণীয় ক্ষতি হয়ে গেল”।



