পুজোর মুখে ‘ডবল বোনাস’ দিলো কোকওভেন থানা
আমার কথা, সনাতন গড়াই, দুর্গাপুর, ২৩ সেপ্টেম্বরঃ
পুজোর মুখে দারুণ বোনাস! চুরি হওয়া মোবাইল ফিরিয়ে দিয়ে ফের নজির গড়ল দুর্গাপুরের কোকওভেন থানা। শারদীয়ার আগে এই সুখবর যেন এলাকার মানুষের মুখে বাড়তি হাসিএনে দিল। কোকওভেন থানার ওসি মইনুল হকের নেতৃত্বে এবং সাইবার সেলের টানা তৎপরতায় পুজোর আগেই প্রায় ৫০টি চুরি যাওয়া মোবাইল ফোন উদ্ধার হয়। মঙ্গলবার বিকেলে কোকওভেন থানা সংলগ্ন এক হোটেলে আয়োজিত ‘ফিরে পাওয়া’ অনুষ্ঠানে মালিকদের হাতে সেই ফোনগুলি তুলে দেন পুলিশ আধিকারিকরা। ফোন ফিরে পেয়ে খুশির জোয়ার মালিকদের চোখেমুখে। উপস্থিত ছিলেন ডেপুটি কমিশনার (পূর্ব) অভিষেক গুপ্তা, এসিপি দুর্গাপুর সুবীর রায় সহ পুলিশের অন্যান্য আধিকারিকরা।
তবে শুধু ফোন ফেরত নয় পাশাপাশি এলাকার আর্থিকভাবে পিছিয়ে থাকা মহিলাদের হাতে শাড়ি উপহার দিয়েও নজির গড়ে পুলিশ। পুজো উপলক্ষ্যে প্রায়৭০০ জন মহিলার হাতে এই শাড়ি তুলে দেওয়া হয়। ডিসি অভিষেক গুপ্তা জানান, “ধারাবাহিক অভিযানেই এই সাফল্য। ফের ৫০টি মোবাইল উদ্ধার সম্ভব হয়েছে। প্রকৃত মালিকদের হাতে ফিরিয়ে দিতে পেরে আমরা গর্বিত।” তিনি আরও যোগ করেন, “মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেমন সব সময় গরিব মানুষের পাশে থাকেন, আমরাও সেই পথ অনুসরণ করে দুস্থ মহিলাদের হাতে শাড়ি তুলে দিলাম।” পুজোর আগে একসঙ্গে মোবাইল আর শাড়ির এই ‘ডাবল বোনাস’ পেয়ে সাধারণ মানুষের আনন্দ যেন উৎসবের আমেজকেই বাড়িয়ে তুলল।



