BREAKING! ডিএসপি টাউনশিপে এবার ভাঙল পুজোর লাইটের গেট
আমার কথা, সনাতন গড়াই, দুর্গাপুর, ২৬ সেপ্টেম্বর:
চতুর্থীর দুপুরে দুর্যোগ নামল দুর্গাপুরে। প্রবল বৃষ্টি আর ঝোড়ো হাওয়ার জেরে অঘটন ঘটল রাজেন্দ্র প্রসাদ রোডেও। ভারতী সর্বজনীন দুর্গাপুজোর মণ্ডপ যাওয়ার সাজানো বিশাল লাইটের গেট আচমকাই ভেঙে পড়ে যায়। ঠিক সেই সময় একটি অটো সেখানে দাঁড়ানো ছিল। ভেঙে পড়া গেটের নিচে চাপা পড়ে ক্ষতিগ্রস্ত হয় সেই অটোটি। সৌভাগ্যবশত, কোনো হতাহতের খবর মেলেনি।কিন্তু ঘটনায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে এলাকায়। দুর্গাপুজোর শুরুতেই এমন দুর্ঘটনা মানুষের মনে নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে। স্থানীয়রা জানান, চতুর্থীর দুপুর থেকে বৃষ্টি বাড়তে শুরু করেছিল। তার মাঝেই গেট হুড়মুড় করে ভেঙে পড়ে। আশেপাশের মানুষজন ছুটে এসে টোটো চালককে উদ্ধার করেন। প্রশাসনের পক্ষ থেকেও দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ভেঙে পড়া গেট সরিয়ে দেওয়ার কাজ শুরু হয়। তবে শুধু একটি দুর্ঘটনাই নয়, দুর্যোগের ঘনঘটা ঘিরে চিন্তিত সাধারণ মানুষ। প্রবল বৃষ্টিতে মণ্ডপে যাওয়া-আসার রাস্তা বিপজ্জনক হয়ে উঠতে পারে বলে আশঙ্কা অনেকের। পুজোর দিনগুলিতে যদি দুর্যোগ বাড়ে, তাহলে দুর্গাপুজোর ভিড় জমে ওঠা নিয়েও অনিশ্চয়তা তৈরি হতে পারে বলে মনে করছেন স্থানীয়রা।



