আরো ভালো হোক পুজো, তাই উৎসাহ দানে ‘কোক-ওভেন থানা’ শারদ সম্মান’ এর উদ্যোগ
আমার কথা, সনাতন গড়াই, দুর্গাপুর, ৩০ সেপ্টেম্বর:

আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের অধীন দুর্গাপুরের কোক-ওভেন থানার পক্ষ থেকে এবারই প্রথম একটি মহতি উদ্যোগ নেওয়া হয়েছে। থানা এলাকার দুর্গাপুজো গুলির মধ্যে বিভিন্ন বিভাগে বাছাই করা তিনটি করে পুজোকে প্রথম,দ্বিতীয় ও তৃতীয় পুরস্কার প্রদান করা হবে। সেই লক্ষ্যে সমাজের বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে একটি বিচারক মন্ডলী গঠন করা হয়েছে। মোট চারটি এলাকা ভাগ করে , ১৬ জন বিচারকের মাধ্যমে, চারটি টিম তৈরি করে পুজো পরিক্রমা করেন বিচারকেরা। তাদের চূড়ান্ত বিচারের মাধ্যমেই প্রদান করা হবে কোক-ওভেন থানা শারদ সম্মান ২০২৫।
আগামী দিনে যাতে এই এলাকার পুজো কমিটি গুলি আরও ভালো মানের পুজোর আয়োজন করতে পারে এবং তারা উৎসাহিত হয়, সেই লক্ষ্যেই কোক ওভেন থানার এই উদ্যোগ। এই আয়োজনে, এলাকার পূজা কমিটিগুলির মধ্যে দারুনভাবে উৎসাহ দেখা গিয়েছে।।



