দুর্গাপুজোয় অতিরিক্ত পার্কিং চার্জের জুলুমবাজীর শিকার দর্শণার্থীরা দ্বারস্থ প্রশাসনের
আমার কথা, সনাতন গড়াই, দুর্গাপুর, ১ অক্টোবর:

দুর্গাপুজোর সময় দুর্গাপুরে পুজো মন্ডপগুলিতে অতিরিক্ত পার্কিং চার্জের বিরুদ্ধে এবার সরব হলেন চিরঞ্জীব ধীবর নামে এক ব্যাক্তি। দুর্গাপুর শহরের বিভিন্ন পুজো কমিটির তরফ থেকে নির্ধারিত হারের চেয়ে বেশি টাকা আদায় করা হচ্ছে বলে অভিযোগ তুলে চিরঞ্জিত বাবু মেইল মারফত অভিযোগ জানান আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের কমিশনার এবং পশ্চিম বর্ধমানের জেলাশাসকের কাছে।
চিরঞ্জিতবাবুর অভিযোগ, প্রতিবছর দুর্গাপুজোর ভিড়ে সাধারণ মানুষকে অতিরিক্ত পার্কিং চার্জ গুনতে হচ্ছে, অথচ এ নিয়ে কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয় না। এবছরও পরিস্থিতি একই রকম হওয়ায় তিনি প্রশাসনের হস্তক্ষেপ চেয়েছেন। নাগরিক সমাজের পক্ষ থেকেও ইতিমধ্যেই একই অভিযোগ জানানো হয়েছে। তাদের বক্তব্য, যদি দ্রুত পদক্ষেপ না নেওয়া হয় তবে আদালতের দ্বারস্থ হওয়া ছাড়া আর কোনো উপায় থাকবে না। জনস্বার্থ মামলা (PIL) দায়ের করার প্রস্তুতিও চলছে।
স্থানীয়দের অভিযোগ, প্রতিমা দর্শনে বেরোতে গিয়ে অতিরিক্ত চার্জ দেওয়ায় ভোগান্তির শিকার হতে হচ্ছে সাধারণ মানুষকে।অভিযোগকারীদের দাবি, প্রশাসন এবারেই যদি কার্যকর ব্যবস্থা নেয় তবে আগামী বছরগুলিতে আর দুর্গাপুজোর আনন্দকে এমন সমস্যায় ম্লান হতে হবে না।



