আলোয় ঝলমল কার্নিভালে আজ সৌন্দর্যের মঞ্চে আসছেন টলিউডের নায়িকা, কে তিনি?
আমার কথা, সনাতন গরাই, দুর্গাপুর, ৪ অক্টোবর:
দুপুর দু’টো ত্রিশে রঙ, আলো আর ঢাকের তালে শুরু হতে চলেছে দুর্গাপুরের প্রতীক্ষিত দুর্গাপুজো কার্নিভাল। শহরজুড়ে এখন উৎসবের উত্তেজনা, প্রতিটি প্যান্ডেল যেন প্রস্তুত নিজেদের সেরা রূপে মুগ্ধ করতে। উদ্বোধন করবেন রাজ্যের মন্ত্রী প্রদীপ মজুমদার ও মলয় ঘটক, সঙ্গে থাকবেন প্রশাসনিক আধিকারিকরা। এছাড়াও এবারের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন টলিউড খ্যাত অভিনেত্রী জয়া আহসান।
সকাল থেকে অবশ্য বৃষ্টি বন্ধ, মাঝে মাঝে সূর্যদেবও উঁকি মারছে মেঘের আড়াল থেকে। ফলে মনে আশা নিয়ে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে জোরকদমে, রিহার্সালে ব্যস্ত শিল্পীরা, মণ্ডপে মণ্ডপে চলছে সাজসজ্জার শেষ ছোঁয়া। নিরাপত্তায়ও কড়া নজর রেখেছে পুলিশ প্রশাসন। ট্রাফিক নিয়ন্ত্রণ ও ভিড় সামলাতে মোতায়েন অতিরিক্ত বাহিনী। বোম স্কোয়াড থেকে অনুষ্ঠানের জায়গা পরীক্ষা করেও দেখা হয়। মহিলা কলেজের সামনের রাস্তা সেজে উঠছে রংবেরঙের আলপনায়। সব মিলিয়ে দ্বাদশীর দুপুর থেকে দুর্গাপুর রাস্তায় নামবে এক উৎসবমুখর জনস্রোত ভাসান, সঙ্গীত, আলো আর আনন্দের কার্নিভালের সাক্ষী হতে।



