ভাসানের পর জল দূষণ রুখতে পুর নিগমের বিশেষ উদ্যোগ
আমার কথা, সনাতন গরাই, দুর্গাপুর, ৩অক্টোবর:
পুকুরের জল দূষণ রুখতে এবার নতুন উদ্যোগ দুর্গাপুরে। দেবী ভাসান শেষ হতেই মাঠে নেমেছে দুর্গাপুর নগর নিগম। পরিবেশ রক্ষায় হাতে নিয়েছে বিশেষ অভিযান। সকালে থেকেই দুর্গাপুর নগর নিগমের ২৪নং ওয়ার্ডের অর্জুনবাঁধের জলাশয়ে নিগমের কর্মীরা ক্রেন নিয়ে তুলছেন দুর্গামূর্তির কাঠামো। ভাসান শেষে পুকুরে ফেলে রাখা বাঁশ, কাঠ, ফুল-মালার আবর্জনায় যাতে জল দূষিত না হয়, সেই লক্ষ্যেই চলছে এই পরিস্কার অভিযান।নিগম সূত্রে জানা গেছে, ভাসান উৎসব শেষে প্রতিটি বড় জলাশয়েই এমন ব্যবস্থা নেওয়া হবে। জলাশয়ের পাড়ে রাখা হয়েছে বড় বড় কন্টেনার, যাতে ভাসান সামগ্রী সরাসরি তোলা যায় গাড়িতে। নগর নিগমের এক আধিকারিক শশাঙ্ক রায় জানিয়েছেন, “দুর্গাপুরের পরিবেশ রক্ষা আমাদের দায়িত্ব। দেবী গেছেন, কিন্তু জল যেন নোংরা না হয়, সেদিকেই নজর।”



