প্রাকৃতিক বাধা পেরিয়ে শুরু হল বহু কাঙ্খিত পুজোর কার্নিভাল
আমার কথা, সনাতন গরাই, দুর্গাপুর, ৪ অক্টোবর:
দুর্গাপুরে শুরু হল বহুল প্রতীক্ষিত দুর্গাপুজোর কার্নিভাল। এ বছর তৃতীয় বছরে পা দিল এই মহোৎসব। রঙিন আলো, সুরের ঝংকার আর নৃত্যের তালেই জমজমাট হয়ে উঠল শিল্পনগরী। শহরের বিভিন্ন প্রান্ত থেকে ভিড় জমিয়েছেন দর্শনার্থীরা। কার্নিভালের উদ্বোধন করেন রাজ্যের দুই মন্ত্রী প্রদীপ মজুমদার ও মলয় ঘটক। উপস্থিত ছিলেন সাংসদ কীর্তি আজাদ, পশ্চিম বর্ধমানের জেলাশাসক পন্নামবলাম এস,আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনার সুনীল চৌধুরী, আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান কবি দত্ত, দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের চেয়ারম্যান সুভাষ মন্ডল, বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী,মহকুমা শাসক সৌরভ চট্টোপাধ্যায়, নগর নিগম প্রশাসক মন্ডলীর চেয়ারপার্সেন অনিন্দিতা মুখোপাধ্যায়, রামকৃষ্ণ আশ্রমের মহারাজ এবং নগর নিগমের কমিশনার আবুল কালাম আজাদ ইসলাম।এদিন কার্নিভাল মঞ্চ থেকে শুরু হয় এক বর্ণাঢ্য শোভাযাত্রা। শহরের বিভিন্ন দুর্গাপুজো কমিটি নিজেদের শিল্পকলা, নাচ, গান ও সজ্জার মাধ্যমে তুলে ধরে সাংস্কৃতিক ঐতিহ্য। রঙিন আলোর ঝলকানিতে মুহূর্তেই উৎসবের আবহ ছড়িয়ে পড়ে চারিদিকে। দর্শনার্থীদের আগমন ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। পরিবার-পরিজন নিয়ে হাজারো মানুষ এই বর্ণিল উৎসবের সাক্ষী হতে ভিড় জমাচ্ছেন। ছোটদের জন্য রয়েছে আলাদা আকর্ষণ, বড়দের জন্য রয়েছে নস্টালজিয়ার ছোঁয়া। দুর্গাপুর যেন সত্যিই মেতে উঠেছে এক অভূতপূর্ব উল্লাসে। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তার ব্যবস্থা জোরদার করা হয়েছে। শহরের সাংস্কৃতিক বৈচিত্র্যের সঙ্গে উৎসবের আনন্দ মিলেমিশে এক অনন্য আবহ তৈরি করেছে দুর্গাপুরের কার্নিভাল।



