বিজেপি সাংসদ খগেন মুর্মুর উপর হামলার অভিযোগে উত্তাল দুর্গাপুর
আমার কথা, সনাতন গরাই, দুর্গাপুর, ৬ অক্টোবরঃ
ডিএমসি মোড় অবরোধ করে বিজেপির বিক্ষোভ, টায়ার জ্বালিয়ে প্রতিবাদে ফেটে পড়লেন কর্মীরা। উত্তরবঙ্গে ত্রাণ বিতরণে গিয়ে বিজেপি সাংসদ খগেন মুর্মুর উপর হামলার অভিযোগ ঘিরে রাজনৈতিক অঙ্গনে চাঞ্চল্য। অভিযোগ উঠেছে, এই হামলার পিছনে রয়েছে তৃণমূল কংগ্রেসের কর্মীরা। ঘটনার প্রতিবাদে সোমবার দুপুরে উত্তেজনা ছড়ায় দুর্গাপুরে। ডিএমসি মোড়ে পথ অবরোধ করে বিক্ষোভে সামিল হন দুর্গাপুরের বিজেপি কর্মী ও সমর্থকেরা। টায়ার জ্বালিয়ে, হাতে দলীয় পতাকা নিয়ে তারা স্লোগান দিতে থাকেন, “খগেন মুর্মুর উপর হামলার বিচার চাই”, “তৃণমূলের গুন্ডামি চলবে না।” বিক্ষোভের নেতৃত্ব দেন দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষ্মণ ঘোড়ুই। তিনি বলেন, “যেখানে একজন নির্বাচিত জনপ্রতিনিধিও নিরাপদ নন, সেখানে সাধারণ মানুষ কতটা নিরাপদ, সেটা সবাই বুঝে নিচ্ছেন। রাজ্যজুড়ে তৃণমূলের সন্ত্রাস চলছে। আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি।” প্রায় ১৫ মিনিট ধরে চলে অবরোধ।



