লক্ষ্মীপুজোর সন্ধ্যায় থানায় হুড়মুড়িয়ে ঢুকে পড়লো প্রমীলা বাহিনী, কিন্তু কেন?
আমার কথা, তনুশ্রী চৌধুরী, কাঁকসা, ৬ অক্টোবরঃ
লক্ষ্মী পুজোর সন্ধ্যায় ঘরের লক্ষীরা সোমবার সন্ধ্যায় হুড়মুড়িয়ে ঢুকে পড়ে কাঁকসা থানার ভেতর। তাদের অভিযোগ সোমবার সন্ধ্যায় ঘরে ঘরে লক্ষ্মীপূজোর আয়োজন হলেও তাদের ঘরে লক্ষীর অভাব দেখা দিয়েছে। সকলেই কাঁকসার শিলামপুরের কাটাবাগান এলাকার বাসিন্দা। তারা বলেন তাদের থানায় আসার কারণ হলো ,এলাকায় বেশ কয়েকজন বেআইনিভাবে মদ বিক্রি করছে। আর সেই মদ খেয়ে নিত্যদিন সংসারে অশান্তি লেগেই রয়েছে। ঘরের পুরুষ সদস্যরা সারাদিন রোজকার করার পর সেই রোজকারের টাকায় মদ খেয়ে ঘরে ফিরছে।যার কারনে সংসারে অনটন দেখা দিয়েছে। ইতিমধ্যে বেশ কয়েকজনের মৃত্যুও হয়েছে মদ খাওয়ার জন্য।আগে এলাকায় চোলাই মদ বিক্রি হত পরে পুলিশের ধরপাকড়ের ফলে সেটা বন্ধ হলেও বর্তমানে দেশি মদ বিক্রি হচ্ছে দেদার। তাই এলাকায় যাতে মদ বিক্রি বন্ধ হয় এবং পরিবারে যাতে সুখ শান্তি ফিরে আসে। সেই দাবি নিয়ে তারা কাঁকসা থানায় অভিযোগ জানান। এদিন এলাকার মহিলারা কাঁকসা থানার আইসির সাথে দেখা করে তাদের সমস্যার কথা জানান। কাঁকসা থানার পক্ষ থেকে এই বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে বলে তারা জানিয়েছেন। কাঁকসা থানার পুলিশের উপর তাদের সম্পূর্ণ আস্থা রয়েছে। তবে প্রশাসনের পক্ষ থেকে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা না হলে আগামী দিনে তারা বৃহত্তর আন্দোলনে নামবেন বলে হুঁশিয়ারিও দিয়েছেন।



