আঁধারে চোর পুলিশের খেলা, টানটান উত্তেজনা দুর্গাপুর ইস্পাত নগরীতে
আমার কথা, সনাতন গরাই, দুর্গাপুর, ১০ অক্টোবর:

চোর পুলিশের লুকোচুরি খেলায় শেষে জিত হল পুলিশের আর চোরের ঠাঁই হল শ্রীঘরে। পাশাপাশি এই ঘটনার সাক্ষী রইলেন দুর্গাপুর ইস্পাত নগরী অশোক এভিনিউ এর বাসিন্দারা।
স্থানীয় সুত্রে জানা গিয়েছে, ৩/৩০ অশোক অ্যাভিন্যুয়ের বাসিন্দারা বিশেষ কাজে শুক্রবার সকালে দুর্গাপুরের বাইরে কোন অনুষ্ঠানে যোগ দিতে যান। এরপর দুপুর একটা থেকে দেড়টা নাগাদ উল্টোদিকের আবাসনের এক মহিলা লক্ষ্য করেন ওই বন্ধ আবাসনের ছাদে দুই যুবক ঘোরাঘুরি করছে। সেই সময় তিনি ভেবেছিলেন হয়তো ছাদের নোংরা পরিষ্কার করার জন্য তাকে কেউ নিয়োগ করে গেছে। বেশ কিছুটা সময় পেরিয়ে যাওয়ার পর তিনি নিজের ঘর থেকে লক্ষ্য করেন ওই বন্ধ বাড়ির বর্ধিত অংশের ঘরের আসবেস্টস ভাঙ্গা অবস্থায় রয়েছে। তৎক্ষণাৎ তিনি প্রতিবেশীদের খবর দেন এরপর খবর দেওয়া হয় দুর্গাপুর থানায়। থানা থেকে পুলিশ এসে ওই অ্যাসবেস্টসের ভাঙ্গা অংশ দিয়ে ভেতরে প্রবেশ করে দেখেন এক যুবক ঘরের মধ্যে রয়েছে এবং ঘরের যত্রতত্র ছড়িয়ে রয়েছে কাপড়-চোপড় এবং অন্যান্য সামগ্রী। এমনকি ঠাকুর ঘরের সমস্ত কিছু ছড়ানো ছেটানো, ভাঙা হয়েছে দুটি আলমারি, খাট একটি শোকেস। এরপর পুলিশ সাথে সাথে ওই যুবককে ধরতে গেলে যুবক আচমকাই ঘরে লাইট ভেঙে ঘর অন্ধকার করে দেয়। তারপর সে নিজেকে ঘরের মধ্যে বন্দী করে রাখার চেষ্টা করে। অনেক চেষ্টার পর পুলিশ ওই যুবককে গ্রেফতার করে থানায় নিয়ে যায়। দিনে দুপুরে দুর্গাপুর ইস্পাত নগরী আবাসনে এই ধরনের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ও আতঙ্ক ছড়িয়েছে। যদিও কি কি সামগ্রী চুরি হয়েছে তা এখনো জানা যায়নি। শেষ পাওয়া খবর পর্যন্ত বাড়ির মালিক রওনা দিয়েছেন দুর্গাপুরের উদ্দেশ্যে।



