“আই.কিউ সিটি না কি এখন মদের সিটি? বিদেশি বোতলে ভাসছে ক্যাম্পাস!
EXCLUSIVE:
আমার কথা, সনাতন গরাই, দুর্গাপুর, ১১ অক্টোবর:
ক্যাম্পাসে পড়ে বিদেশি মদের বোতল আর বিয়ারের কাঁচের বোতল। শোভাপুরের বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালে বসে মদের আসর? আর ঠিক সেই কলেজেই শুক্রবার রাতে ঘটেছে নৃশংসতম অধ্যায় দ্বিতীয় বর্ষের চিকিৎসক ছাত্রীর উপর গণধর্ষণ। ছাত্রীর আর্তনাদ দুই ঘটনায় কেঁপে উঠেছে দুর্গাপুরের শিক্ষাজগৎ। কলেজ ক্যাম্পাসের বাইরে এমন লজ্জাজনক কাণ্ড, ভাবতেই শিউরে উঠছে মানুষ। তবে ক্যাম্পাসের ভিতরে রয়েছে একাধিক স্টোর, যেখানে নানা ভেরাইটি জিনিস মেলে। মূল প্রবেশদ্বারের ডানদিকে বেশ কিছু স্টোর রয়েছে তার পিছনে পড়ে রয়েছে বিদেশি মদের বোতল। তাই নিয়ে প্রশ্ন উঠছে, মাদকও কি মেলে সেখানে? না বাইরে থেকে নিয়ে আসা হয় মাদক? যদি মেলে বা মদের আসর বসে তবে এত নজরদারির মধ্যেও কর্তৃপক্ষের চোখ এড়িয়ে গেল কীভাবে? সিসি ক্যামেরা আছে, নিরাপত্তা রক্ষীও আছে, পুলিশ টহলও চলে তবু এমন ঘটনা।
তাহলে নজরদারি কোথায় গেল? দুর্গাপুরের বিশিষ্ট শিক্ষক জইনুল হক ক্ষোভে বলেন, “ধর্ষণের যে ঘটনা ঘটেছে তা ভাষায় প্রকাশ করা যায় না। আমরা প্রতিবাদ করছি। মেডিকেল কলেজ হাসপাতাল ক্যাম্পাসের ভেতর যদি সত্যিই মদের আসর বসে থাকে, তাহলে সেটাও ভয়াবহ। কর্তৃপক্ষের নজরদারি তাহলে কোথায়?”
হাসপাতাল কর্তৃপক্ষের তরফে সুদর্শনা গঙ্গোপাধ্যায় বলেন, মেয়েটি ও ছেলেটি দুজনেই প্রাপ্ত বয়স্ক। তারা স্বেচ্ছায় ক্যাম্পাসের বাইরে গেছিল। নিরাপত্তার দায়িত্ব ক্যাম্পাসের গেট পর্যন্ত্য। তার বাইরে নয়।
স্বভাবতই প্রশ্ন উঠছে ক্যাম্পাসের ভেতরের নিরাপত্তার দায়িত্ব যদি কর্তৃপক্ষের হয় তাহলে কি করে ক্যাম্পাসের ভেতর এত মদের আসর বসছে? এর খেয়াল কে রাখবে?



