দুর্গাপুরে স্কুটিতে অগ্নিসংযোগ, দুষ্কৃতীদের কাজ বলে সন্দেহ
আমার কথা, সনাতন গরাই, দুর্গাপুর, ২ জানুয়ারী:
দুর্গাপুরের বিধাননগর হাউজিং কলোনিতে স্কুটিতে আগুন লাগানোর ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, গভীর রাতে দুষ্কৃতীরা পরিকল্পিতভাবে একটি স্কুটিতে আগুন লাগিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে।ঘটনাটি ঘটে বিধাননগর হাউজিং কলোনির ২৭৯ নম্বর কোয়ার্টারে। ওই কোয়ার্টারের বাসিন্দা রানা ঘোষ জানান, প্রতিদিনের মতো তাঁর স্কুটিটি একতলা সিঁড়ির নিচে রাখা ছিল। ভোর প্রায় চারটে নাগাদ একতলার বাসিন্দা তপনবাবু আচমকা বিকট শব্দ শুনে দরজা খুলে বাইরে বেরোন। সেই সময়ই তিনি দেখতে পান, রানা ঘোষের স্কুটিটি দাউদাউ করে জ্বলছে। স্কুটিতে আগুন জ্বলতে দেখে তপনবাবু চিৎকার শুরু করলে আশপাশের বাসিন্দারা ছুটে আসেন। চিৎকার শুনে নিচে নেমে এসে নিজের স্কুটিতে আগুন লাগার বিষয়টি জানতে পারেন রানা ঘোষ। ততক্ষণে স্কুটির বেশ কিছু অংশ পুড়ে যায়। রানা ঘোষের অভিযোগ, এটি কোনও দুর্ঘটনা নয়। তাঁর দৃঢ় সন্দেহ, দুষ্কৃতীরা সিঁড়ির পিছন দিক থেকে লাঠিতে রকেট বেঁধে ইচ্ছাকৃতভাবে স্কুটির উপর ছুড়ে মেরে আগুন লাগিয়েছে।পরিকল্পিতভাবেই এই অগ্নিসংযোগ করা হয়েছে বলে তাঁর দাবি। ঘটনার খবর পেয়ে বিধাননগর পুলিশ ফাঁড়ির পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ গোটা এলাকা ঘিরে তদন্ত শুরু করেছে। আশপাশের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে এবং ঘটনার সঙ্গে যুক্ত দুষ্কৃতীদের চিহ্নিত করার চেষ্টা চলছে। এই ঘটনার পিছনে ব্যক্তিগত শত্রুতা না কি অন্য কোনও কারণ রয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ। স্কুটিতে আগুন লাগানোর ঘটনায় বিধাননগর হাউজিং কলোনির বাসিন্দাদের মধ্যে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। দ্রুত দোষীদের গ্রেফতার ও কঠোর শাস্তির দাবিতে সরব হয়েছেন স্থানীয় বাসিন্দারা।



