জয়দেব মেলায় মকর স্নানে পুণ্যার্থীর ঢল, আঁটোসাঁটো হচ্ছে নিরাপত্তা
আমার কথা, সনাতন গরাই, কাঁকসা, ১৩ জানুয়ারী:
মকর সংক্রান্তিকে ঘিরে বীরভূমের জয়দেব মেলায় পুণ্যার্থীদের ঢল নামতে শুরু করতেই আঁটোসাটো নিরাপত্তায় মুড়লো গোটা এলাকা। জয়দেব পদ্মাবতীর রাধা বিনোদের মন্দিরকে কেন্দ্র করে লক্ষাধিক ভক্তের সমাগমের কথা মাথায় রেখে প্রশাসনের তরফে নেওয়া হয়েছে সর্বোচ্চ সতর্কতা।বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে পুণ্যার্থীরা কাঁকসার বিদ বিহারের নবগ্রামের অজয় ঘাট হয়ে মেলামুখী হচ্ছেন। সেই পথকেই নিরাপত্তার বিশেষ করিডর হিসেবে চিহ্নিত করেছে প্রশাসন। বীরভূম জেলা প্রশাসনের পাশাপাশি পশ্চিম বর্ধমান জেলা প্রশাসন যৌথভাবে পরিস্থিতির উপর কড়া নজরদারি চালাচ্ছে।নবগ্রামে গড়ে তোলা হয়েছে অস্থায়ী পুলিশ ক্যাম্প, অস্থায়ী পঞ্চায়েত কার্যালয় ও স্বাস্থ্যকেন্দ্র।আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের বিপুল সংখ্যক পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে মেলা ও সংলগ্ন এলাকায়।নিরাপত্তা জোরদার করতে বসানো হয়েছে পঞ্চাশেরও বেশি সিসি ক্যামেরা, গুরুত্বপূর্ণ জায়গায় ব্যারিকেডিং করা হয়েছে।অজয় নদের বিপজ্জনক অংশগুলিতে সতর্কতামূলক বোর্ড লাগানো হয়েছে। পাশাপাশি ড্রোনের মাধ্যমেও আকাশপথে নজরদারি চালানো হবে। সব মিলিয়ে, নির্বিঘ্নে পুণ্যস্নান ও মেলা উপভোগ করতে যাতে কোনও বিঘ্ন না ঘটে, সে জন্য প্রশাসনের প্রস্তুতি এবার একেবারে প্রশ্নাতীত। বিদবিহার গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান গোপাল সরকার বলেন,”পঞ্চায়েতের তরফ থেকে নির্মল বাংলার একাধিক ব্যানার দেওয়া হয়েছে। মেলায় যাতে আবর্জনা না হয় অজয়। নদ যাতে দূষণ না হয় সেজন্য সতর্কতা করা হচ্ছে। পঞ্চায়েত সদস্যরা নজরদারির মধ্যে রাখছে গোটা মেলা চত্বর। পুলিশ প্রশাসনেরও সহযোগিতা রয়েছে।”



