প্রশাসনের বিরুদ্ধে এস.আই.আর এ পক্ষপাতিত্বের অভিযোগ তুলে বিক্ষোভ বিজেপির
আমার কথা, সনাতন গরাই, দুর্গাপুর, ১৩ জানুয়ারী:
ভোটার তালিকা সংশোধনের বিশেষ অভিযান (SIR) চলাকালীন ফর্ম ৭ জমা নিতে অস্বীকার করার অভিযোগে। মঙ্গলবার বিকেলে দুর্গাপুরে বিক্ষোভ দেখাল বিজেপি। দলের কর্মী ও সমর্থকরা দুর্গাপুরের মহকুমা শাসক দপ্তর ঘেরাও করে প্রতিবাদে সামিল হন। ঘটনাকে ঘিরে প্রশাসনিক দপ্তর চত্বরে উত্তেজনার সৃষ্টি হয়। বিজেপির অভিযোগ, ভোটার তালিকা থেকে মৃত, ভুয়ো ও স্থানান্তরিত ভোটারের নাম বাদ দেওয়ার জন্য নির্ধারিত ফর্ম ৭ একাধিক ক্ষেত্রে গ্রহণ করা হচ্ছে না। অভিযোগ উঠেছে, যথাযথ নথি সংযুক্ত থাকার পরও আবেদনকারীদের ফর্ম ফেরত দেওয়া হচ্ছে। এর ফলে ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়া ব্যাহত হচ্ছে বলে দাবি বিজেপির। জেলা বিজেপির সহ সভাপতি চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় ও সম্পাদক অভিজিৎ দত্ত বলেন, “নির্বাচন কমিশনের নির্দেশিকা অনুযায়ী ফর্ম–৭ গ্রহণ করা প্রশাসনের দায়িত্ব। কিন্তু সেই নির্দেশ মানা হচ্ছে না। এতে ভোটার তালিকার স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠছে। অবিলম্বে সমস্ত বৈধ ফর্ম ৭ গ্রহণের ব্যবস্থা করার দাবি তোলা হয়। বিক্ষোভ চলাকালীন প্রশাসনের আধিকারিকদের সঙ্গে বিজেপি নেতৃত্বের আলোচনা হয়।” পাল্টা রাজ্যের পঞ্চায়েত গ্রামোন্নয়ন ও সমবায় মন্ত্রী প্রদীপ মজুমদার বলেন,”বিজেপি কিছু খুঁজে না পেয়ে নাটক করছে। যারা যোগ্য ভোটার রয়েছে তাদের নাম কাটার চক্রান্ত করছে নির্বাচন কমিশন। আর এই নির্বাচন কমিশন বিজেপি মনোনীত। মানুষ জবাব দেবে।”



