প্যাণ্ডেলের গোডাউনে আগুন লেগে ক্ষতি
আমার কথা, ৫ জানুয়ারী
সার্থক কুমার দে, অন্ডাল :
প্যান্ডেলের গোডাউনে আগুন লাগার ঘটনায় ক্ষতির পাশাপাশি ছড়ালো আতঙ্ক। বৃহস্পতিবার সকালে ঘটনাটি ঘটে উখরা পঞ্চায়েতের আনন্দমোর এলাকায়। এদিন সকাল ৬ টা নাগাদ রাস্তার পাশে থাকা একটি প্যান্ডেলের গোডাউনে আগুন লাগে। দ্রুত সে আগুন ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলের আশপাশে একাধিক দোকান ও ঘরবাড়ি থাকায় ছড়ায় আতঙ্ক। আগুনে পুড়ে ভষ্মিভূত হয় বাঁশ ,কাঠ, বাটাম, প্যান্ডেলের কাপড়। আগুন ছড়িয়ে পড়ায় ক্ষতি হয় পাশের একটি গৃহস্থের বাড়িতেও। গৃহকর্তা কৃষ্ণেন্দু চ্যাটার্জী বলেন আগুন ছড়িয়ে পড়ায় বাড়ির দেওয়ালের একাংশে ফাটল ধরে। জানালা, বারান্দার কাঁচ ভেঙ্গে যায়। এছাড়াও ইলেকট্রিক সরঞ্জাম পিভিসি পাইপ সহ বেশ কিছু সরঞ্জামও পুড়ে যায়। স্থানীয়রা আগুন নেভানোর কাজে হাত লাগাই বেশ কিছুক্ষণ পর আগুন নিয়ন্ত্রণে আসে। তবে আগুন লাগার কারণ জানা যায়নি।



