কোয়ার্টার লাইসেন্সিং সহ ১২ দফা দাবিতে সরব ইনটাক
আমার কথা, ১৬ জানুয়ারী,
মুনমুন দত্ত, দুর্গাপুর:
কোয়ার্টার লাইসেন্সিং, টাউনশিপের বেহাল রাস্তা মেরামত, টাউনশিপে পানীয় জল, উন্নত বিদ্যুৎ পরিষেবা সহ ১২ দফা দাবি তে দুর্গাপুর স্টিল প্ল্যান্টে (ডিএসপি) নগর প্রশাসনিক ভবনের সামনে বিক্ষোভ দেখায় ‘আইএনটিইউসি’ অনুমোদিত “হিন্দুস্থান স্টিল ওয়ার্কাস ইউনিয়ন”। রাজীব গান্ধী স্মারক ময়দান থেকে মিছিল করে সংগঠনের কর্মী ও সমর্থকরা পৌঁছন সিজিএম( টাউন সার্ভিস) কার্যালয়ের সামনে। সেই সময় সিজিএম ( টি, এস) অরূপ দত্ত চৌধুরী দফতরে ছিলেন না। এই নিয়ে সাময়িক উত্তেজনার সৃষ্টি হয়। পরে তিনি এলে এক প্রতিনিধি দল গিয়ে ১২ দফা দাবি সম্বলিত একটি স্মারকলিপি তাঁর হাতে তুলে দেন। সংগঠনের সাধারণ সম্পাদক (আহ্বায়ক) রজত দীক্ষিত বলেন, টাউনশিপের পরিষেবা বেহাল হয়ে পড়েছে। টাউনশিপের রাস্তাঘাটের অবস্থা তথৈবচো। মাঝেমধ্যেই পথ দূর্ঘটনা ঘটছে। কতৃপক্ষের কোনো হেলদোল নেই। নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে। এছাড়াও জল, বিদ্যুতের সমস্যা রয়েছে। পারথেনিয়ামের জঙ্গলে ভরে গিয়েছে টাউনশিপের। অথচ কতৃপক্ষ নির্বিকার। আমরা কোয়ার্টার লাইসেন্সিং নিয়ে বহুদিন থেকেই লড়াই, আন্দোলন করছি। কিন্তু কতৃপক্ষ উদাসীন। কতৃপক্ষের ঘুম না ভাঙলে আমরা আরো বৃহত্তর আন্দোলন করবো। সিজিএম (টাউন সার্ভিস) অরূপ দত্ত চৌধুরী দাবিগুলি খতিয়ে দেখার আশ্বাস দেন।
অন্যান্য দের মধ্যে উপস্থিত ছিলেন রবীন গাঙ্গুলী, শুভঙ্কর বোস, কৌশিক ব্যানার্জী, রাণা সরকার, উৎপল দে, বাসুদেব মুখার্জী, সঞ্জীব ঘোষ সহ আরো অন্যান্য নেতৃবৃন্দ ও কর্মী বৃন্দ।



