১৯ নম্বর জাতীয় সড়কে চিনা মাঞ্জার তাণ্ডব! গুরুতর জখম স্কুল শিক্ষক
আমার কথা, ১৭ জানুয়ারী
সনাতন গরাই, দুর্গাপুর:
নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও ফের চিনা মাঞ্জায় জখম বাইক আরোহী। শনিবার সকালে ১৯ নম্বর জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনায় গুরুতর জখম হলেন এক স্কুল শিক্ষক। আহত শিক্ষকের নাম মানষ মন্ডল। তিনি কাজোড়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক এবং বিধাননগরের কলিঙ্গ এলাকার বাসিন্দা শনিবার সকালে কাজোড়ার দিক থেকে দুর্গাপুরের দিকে আসছিলেন মানষ মন্ডল। ঠিক সেই সময় মেন গেটের কাছে ১৯ নম্বর জাতীয় সড়কে আচমকাই তাঁর শরীরে জড়িয়ে যায় ধারালো চিনা মাঞ্জা। মুহূর্তের মধ্যেই গুরুতরভাবে জখম হন তিনি। ঘটনাস্থলে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। তড়িঘড়ি তাঁকে দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এই ঘটনাকে কেন্দ্র করে আবারও উঠছে প্রশ্ন,
নিষিদ্ধ চিনা মাঞ্জা শহরে ঢুকছে কীভাবে? প্রতিবছর উৎসবের সময় হোক বা সাধারণ দিনে, চিনা মাঞ্জার কারণে একের পর এক দুর্ঘটনা ঘটলেও কড়া ব্যাবস্থা নেওয়া হচ্ছে না অভিযোগ স্থানীয়দের।



