পানাগড়ে তৃণমূলের উন্নয়ণের সংলাপ যাত্রা
আমার কথা, ১৮ জানুয়ারী
সনাতন গরাই, কাঁকসা:
কাঁকসার পানাগড় জুড়ে তৃণমূলের উন্নয়নের সংলাপ যাত্রা। তৃণমূল কংগ্রেসের উদ্যোগে কাঁকসার পানাগড় জুড়ে শুরু হলো উন্নয়নের সংলাপ যাত্রা। রবিবার সকাল থেকে এই কর্মসূচি শুরু হয়। যাত্রা চলাকালীন রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প ও সাফল্যের খতিয়ান সাধারণ মানুষের সামনে তুলে ধরা হয়। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন গোলসির বিধায়ক নেপাল ঘড়ুই, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ বৈশাখী বন্দোপাধ্যায়, কাঁকসা ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি নবকুমার সামন্ত, তৃণমূল নেতা পল্লব বন্দ্যোপাধ্যায় সহ দলের একাধিক নেতৃত্ব ও কর্মীরা। বক্তারা তাঁদের বক্তব্যে রাজ্য সরকারের উন্নয়নের পাঁচালী তুলে ধরেন। স্বাস্থ্য, শিক্ষা, সামাজিক সুরক্ষা, গ্রামীণ পরিকাঠামো ও বিভিন্ন জনমুখী প্রকল্পের মাধ্যমে সাধারণ মানুষের জীবনে কীভাবে পরিবর্তন এসেছে, তা বিস্তারিতভাবে ব্যাখ্যা করা হয়। এছাড়াও সভা থেকে এসআইআর নিয়োগ-সহ একাধিক বিষয় নিয়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে আক্রমণ শানানো হয়। বক্তাদের অভিযোগ, কেন্দ্রীয় সরকারের নীতির কারণে রাজ্যের মানুষের প্রাপ্য থেকে বঞ্চিত হচ্ছে। তৃণমূল নেতৃত্বের দাবি, এই উন্নয়নের সংলাপ যাত্রার মাধ্যমে মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ রেখে রাজ্য সরকারের কাজ ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরা হচ্ছে। আগামী দিনেও এই ধরনের কর্মসূচি চলবে বলে জানানো হয়।



