দু সপ্তাহের মধ্যেই চুরি যাওয়া বাইক উদ্ধার করল পুলিশ, গ্রেফতার অভিযুক্ত
আমার কথা, ২০ জানুয়ারী
সনাতন গরাই, দুর্গাপুর:
বাইক চুরির কিনারা করলো পুলিশ। খুশি বাইক মালিক। চলতি মাসের ৬ তারিখ দুর্গাপুরের চন্ডীদাস বাজার থেকে বাইক চুরি যায়। মাথায় হাত পড়ে বাইক মালিক শুভাশিস দাসের। তিনি দুর্গাপুর থানার বি-জোন ফাঁড়িতে লিখিত অভিযোগ দায়ের করেন। বি-জোন ফাঁড়ির ইনচার্জ হিমাদ্রি বর্মনের নেতৃত্বে শুরু হয় তদন্ত। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে কোন পথ দিয়ে বাইক নিয়ে যাওয়া হয়েছে সেটা উঠে আসে। তারপরেই দুর্গাপুর থানার ধোবি ঘাটে হানা দেয় পুলিশ। সোমবার রাতে বাড়ি থেকে গ্রেপ্তার করা হয় সুব্রত সাহাকে। উদ্ধার করা হয় চুরি যাওয়া বাইকটি। মঙ্গলবার ধৃতকে পুলিশি হেফাজত চেয়ে দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করা হয়। ধৃতকে পুলিশি হেফাজতে নিয়ে এই চক্রের মূল পান্ডার সন্ধানে তল্লাশি চালাতে চাইছে পুলিশ। বাইক মালিক শুভাশিস দাস বলেন,”আমি ভেবেছিলাম বাইকটি আর পাবোই না। কিন্তু পুলিশের তৎপরতা শেষ পর্যন্ত ফিরে পেলাম। পুলিশের ভূমিকাকে কুর্নিশ জানাই।”



