তৃণমূলের দলীয় পতাকা খুলে ফেলে দেওয়ার অভিযোগ বিজেপির বিরুদ্ধে, অভিযোগ অস্বীকার
আমার কথা, ২০ জানুয়ারী
সনাতন গরাই, দুর্গাপুর:
তৃণমূলের দলীয় পতাকা খুলে ফেলে দেওয়ার অভিযোগ। ব্যাপক চাঞ্চল্য দুর্গাপুরের ইস্পাত নগরীতে। মঙ্গলবার দুর্গাপুরের ইস্পাত নগরীতে তৃণমূলের জনসভা রয়েছে। সেই জন্য দুর্গাপুরের শরৎচন্দ্র রোডে দলীয় পতাকা বাঁধা হয়েছিল। মঙ্গলবার তৃণমূলের কর্মী সমর্থকরা দেখেন সেই পতাকা কেউ বা কারা খুলে ফেলেছে। তারা ক্ষোভে ফেটে পড়েন। শুরু করেন প্রতিবাদ। ১ নম্বর ব্লক তৃণমূলের সভাপতি রাজীব ঘোষ ও জেলা সাধারণ সম্পাদক কল্লোল ঘোষের নেতৃত্বে সেই পতাকাগুলি বেঁধে দেওয়া হয়।
জেলা সাধারণ সম্পাদক কল্লোল ঘোষ বলেন,”বিরোধীদের চক্রান্ত। নোংরা রাজনীতি করা বিজেপির কাজ। আমরা এর বিরুদ্ধে প্রতিবাদ করছি। পুলিশের কাছেও অভিযোগ দায়ের করছি। যারা এই ঘটনা ঘটিয়েছে তারা কেউ রেহাই পাবে না।”
পাল্টা দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণ ঘড়ুই বলেন,”তৃণমূলের কর্মীরা নিজেরাই নিজেদের পতাকা খুলে ফেলেছে। নিয়ে অশান্তির বাতাবরণ করার চেষ্টা করছে। বিজেপি এইসব কাজ করে না। বিজেপি সর্বভারতীয় দল। বিজেপি অশান্তি করে না।”



